দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে অভিভাবকেরা বিপাকে পড়েছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।
এসএসসি পরীক্ষার্থী মো. রশিদুল ইসলাম জানায়, স্কুল কর্তৃপক্ষ মানবিক বিভাগের ফরম পূরণের জন্য দুই হাজার ১০০ এবং বিজ্ঞান বিভাগের জন্য দুই হাজার ২০০ টাকা ফি নির্ধারণ করেছে। এ ছাড়া দুই মাসের কোচিং ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আরও ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে।
রশিদুলের বাবা দিনমজুর সোনাউদ্দিন জানান, তিনি কয়েক দিন আগে এক হাজার টাকায় মাসে ১৫০ টাকা সুদে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে দুই হাজার টাকা এনে ছেলের পরীক্ষার ফরম পূরণ করতে গিয়েছিলেন। কিন্তু ৪০০ টাকা কম থাকায় প্রধান শিক্ষক তাঁকে ফিরিয়ে দেন। পরে এক প্রতিবেশীর কাছ থেকে ৪০০ টাকা ধার করে পরদিন ফরম পূরণের টাকা দেন।
প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, তাঁর বিদ্যালয় থেকে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় ১৪১ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। ফরম পূরণ বাবদ মানবিক শাখার জন্য এক হাজার ৩০০ এবং বিজ্ঞান শাখার জন্য এক হাজার ৪০০ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ সত্য নয়।
তবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য দলিল উদ্দিন সরকার বলেন, কমিটির লিখিত সিদ্ধান্ত অনুযায়ী মানবিক বিভাগের ফরম পূরণের জন্য দুই হাজার ১০০ এবং বিজ্ঞান বিভাগের জন্য দুই হাজার ২০০ টাকা ছাড়া বিশেষ প্রস্তুতি ক্লাস বাবদ দুই মাসের টিউশন ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, বোর্ড নির্ধারিত ফি এবং বেতন বা সেশন চার্জ ছাড়া ফরম পূরণের সময়ে অতিরিক্ত ফি নেওয়া যাবে না।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ নিয়ম না মানলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।