বীরগঞ্জে বাস খাদে, নিহত ২
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দশমাইল নামক স্থানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাকেরহাট ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক মো. আবদুর রাজ্জাক (৫৪) ও বীরগঞ্জ উপজেলার মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন (৫০)। আহত যাত্রীদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী মো. মানিক জানান, আজ সকাল নয়টায় ‘মাধব পরিবহন’ নামের একটি বাস ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি দিনাজপুরে পৌঁছার কিছু আগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-দশমাইল মহাসড়কে একটি নছিমনকে পাশ কাটানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলে আবদুর রাজ্জাক ও ফারুক হোসেন নিহত হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, ওই বাসের ৩০ জন যাত্রী আহত হয়েছেন। লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ করে রাখলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দেড়টার দিকে জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।