বীরগঞ্জে সংঘর্ষ, আহত ৫০
দিনাজপুরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট নামক স্থানে ১৮-দলের অবরোধকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী দায়িত্ব পালন করতে ঢাকা থেকে তিনটি কোচে শতাধিক শিল্প পুলিশ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। সন্ধ্যা ছয়টার দিকে কোচগুলো দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কবিরাজহাট নামক স্থানে পৌঁছালে অবরোধকারীরা যাত্রীবাহী বাস মনে করে কোচ তিনটির ওপর হামলা চালায়। খবর পেয়ে বিজিবি ও পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়ে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে যৌথ বাহিনীর সদস্যরা শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। একই সঙ্গে তাঁরা এলোপাতাড়ি লাঠিপেটা করেন। এতে প্রায় ৫০ জন অবরোধকারী আহত হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে কতটি কাঁদানে গ্যাসের শেল এবং রাবার বুলেট ছোড়া হয়েছে বা কতজন আহত হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।