
হয়তো দেশের জন্য জীবন উৎসর্গ করতেই আমার জাদুর (বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল) জন্ম হয়েছিল ১৬ ডিসেম্বর। বীরমাতা মা মালেকা বেগম গত বৃহস্পতিবার তাঁর ছেলের জন্মদিনে এই মন্তব্য করেন। দিনটি উপলক্ষে তাঁর কয়েকটি শেষ ইচ্ছের কথাও বলেন তিনি। এর একটি হলো সরকার যেন তাঁদের একটি বীরভবন দেয়।
দিনটি উপলক্ষে সদর উপজেলার মোস্তফানগর (মৌটুপি) গ্রামে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ে সকালে ও বিকেলে ভোলা প্রেসক্লাবে স্মরণসভার আয়োজন করা হয়। তা ছাড়া কয়েক শ মানুষ আসে বীরমাতার সঙ্গে দেখা করতে।
বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, বীরমাতা মালেকা বেগম অসুস্থ। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন। এ কারণে তিনি এ বছর ঢাকায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। বীরমাতাকে ১৯৮২ সালে সরকারের নির্মাণ করে দেওয়া একতলা ভবনটি জরাজীর্ণ। কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়েছে। ক্ষীণ কণ্ঠে বীরমাতা প্রথম আলোকে বলেন, মোস্তফার বংশের সবাই সৈনিক ছিলেন। তাঁরা সারা জীবন দেশের জন্য লড়াই করে গেছেন। দেশের জন্য জীবন দিতেই ১৯৩৪ সালের ১৬ ডিসেম্বর তাঁর জাদুর (মোস্তফা) জন্ম হয়। এই দিনেই ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় লাভ করে।
বীরমাতা আরও বলেন, তাঁর বাড়িটি অনেক ছোট। তাও আবার জরাজীর্ণ হয়ে পড়েছে। সরকার তো বীরভবন দিচ্ছে। তাঁদের সংসারে অনেক মানুষ। একটি বীরভবন যেন তাঁদের দেওয়া হয়। তাঁর এই মহাবীর ছেলের নামের কলেজটি এমপিওভুক্ত করার জন্য কয়েক মাস আগে সব কাগজপত্র তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দিয়েছেন। কলেজটি যেন সরকার এমপিওভুক্ত করে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যেখানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল শহীদ হয়েছিলেন, সেখানে তাঁর নামে একটি বিদ্যালয় ও একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়।
বীরশ্রেষ্ঠর বাড়ির উত্তর-পূর্বে ২০০৮ সালে প্রতিষ্ঠা করা হয় বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা গ্রন্থাগার ও জাদুঘর। প্রতিষ্ঠার পর থেকে ভবনটি আর সংস্কার হয়নি। পানি চুইয়ে পড়ে গ্রন্থাগারের ভেতর শেওলা জমেছে। পলেস্তারা খসে পড়েছে। অনেকাংশ ভেঙে গেছে। সামনের মাঠে বড় বড় গর্তে পানি জমে আছে।
জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, তিনি বীরমাতাকে দেখতে এসেছেন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জন্মদিনে গ্রন্থাগারে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠকে তুলে ধরার জন্য এই জাদুঘরে বছরের বিভিন্ন সময় সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান করা উচিত। তা ছাড়া গ্রন্থাগারের সামনের মাঠে বছরের বিভিন্ন সময় গরুর হাট বসে। এটি বন্ধ করা উচিত। তিনি বলেন, জাদুঘরটির সংস্কার দরকার।
বীরশ্রেষ্ঠর ভাগনে মো. রাশেদ জাদুঘরের কেয়ারটেকার। তিনি বলেন, তাঁর মামাতো ভাই (বীরশ্রেষ্ঠর ভাতিজা) মো. সেলিম সহকারী লাইব্রেরিয়ান পদে চাকরি করেন। তাঁদের চাকরি যেন রাজস্ব খাতে নেওয়া হয়।
একটি টিনের ঘরে ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়। সেখানে শুধু একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা করে। গতকাল সেখানে বীরশ্রেষ্ঠের জন্মদিনে স্মরণসভা ও বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজে একটি টিনের ঘর। বেঞ্চ ভাঙা, দরজা-জানালা ভাঙা। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা বলেন, কলেজটি সরকারীকরণ ও একটি পাকা ভবন দরকার।
দুপুর ১২টায় দেখা গেছে, বীরশ্রেষ্ঠর নামের বাসস্ট্যান্ডটি ভাঙাচোরা। যাত্রীছাউনি নেই। রাস্তাঘাট গর্তে ভরা।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, বীরশ্রেষ্ঠর নামের বাসস্ট্যান্ডটি ১৯৮২ সালে নির্মাণ করা হয়। বরাদ্দের অভাবে এরপর আর সংস্কার করা হয়নি। প্রায় ১৬ কোটি টাকার একটি প্রকল্প অধিদপ্তরে জমা দেওয়া আছে। পাস হলে নতুন করে বাসস্ট্যান্ড নির্মাণ করা হবে।
জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, বীরমাতার বাড়ি ও বীরশ্রেষ্ঠর নামে গ্রন্থাগারটি সংস্কারের জন্য তিনি মন্ত্রণালয়ে লিখবেন। গ্রন্থাগারের কর্মরত ব্যক্তিদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার ব্যাপারেও সুপারিশ করবেন। তিনি আরও বলেন, কলেজটির উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির পরিবর্তন জরুরি।