বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের মা মালেকা বেগমের উন্নত চিকিৎসাসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি করল ভোলার সুশীল সমাজ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলার পুলিশ সুপার মো. মোক্তার হোসেন বীরমাতাকে সংবর্ধনা দেন। বক্তারা সেখানে এসব দাবি করেন।
সংবর্ধনা সভায় উপস্থিত বীরশ্রেষ্ঠের ভাই মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর মা গুরুতর অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসা দরকার। স্বাভাবিকভাবে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তাঁর জন্য যথেষ্ট নয়।
বীরমাতার নাতি মো. সেলিম বলেন, তিনি স্নাতকোত্তর পাস। সরকার তাঁদের কাউকে সরকারি চাকরি দেননি। জেলা পরিষদ তাঁদের দুই ভাইকে যে চাকরি দিয়েছে, তা রাজস্ব খাতে নেওয়া হচ্ছে না। জেলা পরিষদ মাসে ১২ হাজার টাকা বেতন দিচ্ছে। তা দিয়ে কিছু হচ্ছে না। এদিকে সরকারি চাকরির চেষ্টা করতে করতে তাঁর বয়স শেষ।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ বলেন, আলীনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে কলেজটির শিক্ষকেরা ১৭ বছর ধরে মানবেতর জীবন কাটালেও বেতন পাচ্ছেন না। এ কলেজটি এমপিওভুক্ত করার দাবি জানান তিনি।
ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস বলেন, শহরের প্রবেশদ্বারে বীরশ্রেষ্ঠের নামে একটি স্মৃতিস্তম্ভ দরকার।
ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস-উল-আলম বলেন, বীরমাতাকে ভোলাবাসীর মা জ্ঞান করে সুযোগ-সুবিধা বাড়ানো উচিত।
ভোলার শিল্প ও বণিক সমিতির পরিচালক সফিকুল ইসলাম বলেন, বীরমাতাসহ সব প্রকৃত মুক্তিযোদ্ধার পাশে থাকতে হবে সবাইকে। তাঁদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে।
সংবর্ধনা সভায় পুলিশ সুপারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল হালিম, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন প্রমুখ।