বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু ভাঙনের হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে একটি মসজিদ। হুমকির মুখে পড়েছে সৈয়দ মোশারফ-রশিদা একাডেমি। ছবিটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রাম থেকে গতকাল তোলা l প্রথম আলো
সুগন্ধা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে একটি মসজিদ। হুমকির মুখে পড়েছে সৈয়দ মোশারফ-রশিদা একাডেমি। ছবিটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার মহিষাদী গ্রাম থেকে গতকাল তোলা l প্রথম আলো

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু হুমকিতে পড়েছে। এরই মধ্যে সেতু রক্ষা বাঁধের বড় অংশ এবং আশপাশের কয়েকটি বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র বলছে, বছরের পর বছর ভাঙন চললেও তা ঠেকাতে সরকারি কোনো দপ্তর উদ্যোগ নিচ্ছে না। বাঁশ, কাঠ ও বালুর বস্তা দিয়ে ভাঙনরোধের বৃথা চেষ্টা করছে এলাকাবাসী।
এলাকাবাসী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বরিশাল কার্যালয় সূত্র জানায়, সন্ধ্যা নদীর ওপর ২০০৩ সালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু নির্মাণ করা হয়। এর এক পাশে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা ও অপর পাশে মহিসাদী গ্রাম। সেতু রক্ষায় দুই পাশে ১ হাজার ৪০০ মিটার এলাকাজুড়ে তৈরি করা হয় একটি বাঁধ। তবে নির্মাণের পর প্রতিবছরই সেটি ভাঙনের মুখে পড়ে। চার-পাঁচ বছর ধরে ভাঙন চলছে। তা রোধে আজ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেতুর দুই পাশে যেভাবে ভাঙছে, তাতে যেকোনো সময় সেতুটিও ভাঙনের কবলে পড়তে পারে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সেতু রক্ষা বাঁধটি ভাঙতে ভাঙতে এখন ১০০ মিটারও অবশিষ্ট নেই। আশপাশের অনেক এলাকার বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়েছে। তাদের কেউ কেউ সড়কের পাশে অস্থায়ীভাবে বাস করছে। স্থানীয় অন্তত দুটি শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রায়ই দেবে যাচ্ছে নতুন নতুন এলাকা। ভাঙন প্রতিরোধে এলাকাবাসী বাঁশ, কাঠ ও বালুর বস্তা ফেলেছে। তবে ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় স্রোতে ভেসে যাচ্ছে সেগুলো।
মহিসাদী গ্রামের বাসিন্দা আলেয়া বেগম বলেন, দুই দিন আগে গভীর রাতে কয়েক একর জমি, পাঁচ-সাতটি বাড়ি ও একটি মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে। মো. চান মিয়া বলেন, ‘ভাঙনে বাড়িঘর ও মসজিদ গেছে, এখন স্কুল যাবে। এরপর সেতুও থাকবে না।’
ভাঙনের মুখে থাকা সৈয়দ রাশেদা মোশারেফ একাডেমির শিক্ষক এইচ এম আবুল কালাম প্রথম আলোকে বলেন, চার বছর আগে জেলা পরিষদের পক্ষ থেকে কিছু বস্তা এবং ব্লক ফেলা হয়েছিল। এক বছরের মধ্যে তা বিলীন হয়ে যায়। এরপর আর খোঁজ নেই কারও।
পাউবোর বরিশাল কার্যালয় সূত্র জানায়, সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সওজ বিভাগের। তারা চাইলেই কেবল পাউবো সহযোগিতা দেয়। সওজ একটি প্রকল্প পাউবোর কাছে দিয়েছে। পাউবোকে ওই প্রকল্প বাস্তবায়নে অনুরোধ জানানো হয়েছে।
সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ প্রথম আলোকে বলেন, ওই সেতু এলাকায় ভাঙনরোধে অস্থায়ী ব্যবস্থা হিসেবে প্রায় দুই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সেই কাজ শুরু করা হবে। আর স্থায়ী ব্যবস্থা হিসেবে পাউবোর সহযোগিতা চাওয়া হয়েছে। এ জন্য তাদের কাছে একটা প্রকল্প জমা দেওয়া হয়েছে। এতে অর্থায়ন করবে সওজ। তবে প্রকল্পটি বাস্তবায়ন করবে পাউবো।
পাউবো বরিশাল কার্যালয়ের প্রধান প্রকৌশলী মো. রমজান আলী বলেন, ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় নদীভাঙন স্থায়ীভাবে ঠেকাতে একটা গবেষণাপ্রতিষ্ঠান কাজ করেছে। তাদের দেওয়া গবেষণার ভিত্তিতে ৪৫ কোটি টাকার একটা প্রকল্প তৈরি করা হয়েছে। আজই (গতকাল বুধবার) সওজ সেই প্রকল্পটি যাচাই-বাছাই করতে পাউবোর কাছে দিয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে বোর্ড কাজ শুরু করবে।’