বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৪তম শাহাদতবার্ষিকী আজ ১৪ ডিসেম্বর। এ উপলক্ষে আজ ভোরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) সংলগ্ন রেহাইচর এলাকায় সড়ক ভবন চত্বরে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী সোনামসজিদে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণকবর জিয়ারতের কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী (বীর বিক্রম)।
১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর দক্ষিণ তীরে রেহাইচর এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ওই দিন শহরকে শত্রুমুক্ত করতে চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়। ক্যাপ্টেন জাহাঙ্গীরের ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।