বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরেশ্রষ্ঠ নূর মোহাম্মদ
বীরেশ্রষ্ঠ নূর মোহাম্মদ

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে নূর মোহাম্মদ স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর মিলনায়তনে পবিত্র কোরআনখানি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুল গাফফার খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্যসচিব মো. আজিজুর রহমান প্রমুখ।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মৃত্যুবরণ করেন রণাঙ্গনের লড়াকু সৈনিক নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাঁকে দাফন করা হয়।
নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা। বাল্যকালেই মা-বাবাকে হারান নূর মোহাম্মদ। লেখাপড়া করেছেন সপ্তম শ্রেণি পর্যন্ত। এরপর ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) যোগদান করেন।
দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ১৯৭০ সালের ১০ জুলাই বদলি হন যশোর সেক্টরে। পরবর্তী সময়ে তিনি ল্যান্সনায়েক পদে পদোন্নতি পান। মুক্তিযুদ্ধের সময় যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।
যুদ্ধ চলাকালীন ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন নড়াইলের এ সাহসী সন্তান। সে সময় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এম এ মঞ্জুর ৮ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। তাঁদের নেতৃত্বেও প্রাণপণ লড়েছেন নূর মোহাম্মদ।
৫ সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও তাঁকে কাঁধে নিয়েই এলএমজি হাতে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করেছেন। হঠাৎ করে পাকিস্তানি বাহিনীর মর্টারের গোলার আঘাতে নূর মোহাম্মদের হাঁটু ভেঙে যায়। তবুও গুলি চালান। মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যান। একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এই বীরের সম্মানার্থে নড়াইল শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরে ৬২ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ‘বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ নির্মাণ করা হয়েছে। ২০০৮ সালের ১৮ মার্চ কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন।