বীরশ্রেষ্ঠ মতিউরের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমান
ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমান

বাংলাদেশ বিমানবাহিনী গতকাল শনিবার যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু কেন্দ্রীয় মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মিলাদ মাহফিলে বিমানবাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
গতকাল সকালে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন। ওই অনুষ্ঠানে অন্যদের মাঝে মতিউর রহমানের পরিবারের সদস্য, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন। —আইএসপিআর