বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন, জাহাঙ্গীর সেতু রক্ষা বাঁধে সন্ধ্যার ভাঙন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রক্ষা বাঁধের বড় অংশ ভেঙে সন্ধ্যা নদীতে বিলীন হয়ে গেছে। এতে হুমকির মুখে পড়েছে পুরো সেতু।
ভাঙন ঠেকানোর দায়িত্ব একে অপরের ওপর চাপাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই ভাঙন রোধ করার চেষ্টা করছেন।
গত বুধবার দোয়ারিয়া এলাকায় ঢাকা-বরিশাল সড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, সন্ধ্যা নদীর ভাঙনে সেতু রক্ষার ব্লক ভেঙে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে আশপাশের এলাকার বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ভেঙে গেছে।
এলাকাবাসী জানায়, সরকারের কোনো প্রতিষ্ঠান উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী বাঁশ, কাঠ, ইট দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন। দুই শতাধিক কাঠের তৈরি খাঁচা বানিয়ে প্রতিটিতে ৩০-৩৫টি ইট ভরে নদীতে ফেলা হয়েছে।
মহিসদী গ্রামের বাসিন্দা মো. হোসেন আলী বলেন, পাঁচ বছর ধরে সন্ধ্যা নদীর ভাঙনে এ অঞ্চলের অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে সেতুর দুই প্রান্তে সংযোগ সড়কের অনেক স্থান দেবে গেছে। দ্রুত প্রতিরোধব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।
ভাঙনের মুখে থাকা সৈয়দ রশিদা একাডেমির সহকারী প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, সড়ক বিভাগ ও পাউবোর ঠেলাঠেলিতে এ অঞ্চল ভেঙে যাচ্ছে। সেতু রক্ষায় ব্যবস্থা নেওয়া হলে এর সঙ্গে রক্ষা পেত শিক্ষাপ্রতিষ্ঠানসহ পুরো এলাকা।
স্থানীয় বাসিন্দা মো. আবুল কালাম বলেন, এলাকাবাসী বাড়ি বাড়ি ঘুরে বাঁশ, কাঠ, টাকা সংগ্রহ করছেন। গত মঙ্গলবার ২০০ কাঠের খাঁচা তৈরি করে তার মধ্যে ইট ভরে নদীতে ফেলা হয়েছে। ভাঙন ঠেকাতে ইতিমধ্যে ৩০ থেকে ৩৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
মো. ছোহরাব হোসেন বলেন, ১৫ আগস্ট রাত দুইটার দিকে প্রায় এক একর সম্পত্তিসহ একটি মসজিদ নদীতে বিলীন হয়ে যায়। এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের তিন একর জমি ভেঙে নিয়ে গেছে। মহিসদী গ্রামের অধিকাংশ এলাকা ভেঙে গেছে। সন্ধ্যা নদী এখন সরাসরি সেতুর ওপর গিয়ে আঘাত করছে।
যোগাযোগ করা হলে পাউবোর বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জহিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জনগুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সময় নদীশাসন ও প্রতিরক্ষার জন্য বরাদ্দ রাখা হয়। কিন্তু বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু নির্মাণে সওজ সেই বরাদ্দ রাখেনি। ২০০৩ সালে সেতু নির্মাণের পর থেকে ভাঙন শুরু হয়। ভাঙন রোধে আমরা সওজকে কয়েকবার চিঠিও দিই। কিন্তু তারা কোনো উদ্যোগ না নেওয়ায় কাজ করা যাচ্ছে না।’
এ ব্যাপারে সওজের বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ সাহেদ বলেন, নদীর গতিপথ যেহেতু পরিবর্তিত হয়েছে, পাউবোর দায়িত্ব ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। তবু এ ব্যাপারে ঢাকায় সওজের প্রধান কার্যালয়ে চিঠি পাঠিয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু করা হবে। তবে তাও করতে হবে পাউবোকেই।