রয়েল সিমেন্ট-দৃষ্টি জাতীয় কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ রাইফেলস কলেজ।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ।
চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘জলাবদ্ধতাই চট্টগ্রামের সিঙ্গাপুর হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা’। প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৃষ্টি ডিবেটিং ক্লাবের সভাপতি মাসুদ বকুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাংয়ের সভাপতি আশিক ইমরান, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, তরুণ শিল্পোদ্যোক্তা মনসুর আলম, রয়েল সিমেন্টের জ্যেষ্ঠ প্রকৌশলী রিদুয়ান উর রহমান, ব্র্যান্ড ম্যানেজার ফয়সাল নাসির খান প্রমুখ।
১৭ ডিসেম্বর কলেজ পর্যায়ের এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় সারা দেশের ২৪টি কলেজ অংশ নেয়।