বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মকিদুননেছা
মকিদুননেছা

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের মা মকিদুননেছা আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা সাত মিনিটে মধুখালী উপজেলার আড়পাড়ার বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
মৃত্যুকালে মকিদুননেছা জোহরা ও হাজেরা বেগম নামের দুই মেয়ে ও আইউব আলী নামের এক পালকপুত্র রেখে গেছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, আজ শুক্রবার বেলা ১১টায় মধুখালী ঈদগাহ ময়দানে মকিদুননেছার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সাংসদ আব্দুর রহমান, প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেনসহ রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ সব মহলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে আড়পাড়া উচ্চবিদ্যালয়ের মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে আড়পাড়ার  বাড়িসংলগ্ন কাঁঠালতলায় তাঁকে দাফন করা হবে।
বীরমাতার মৃত্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাংসদ মজিবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

মকিদুননেছা ফরিদপুরে বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ তিনি কামারখালী উপজেলা প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত ছিলেন।