বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মায়ের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোছা. মকিদুননেছা
মোছা. মকিদুননেছা

মোছা. মকিদুননেছা গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷ তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি জোহরা ও হাজেরা বেগম নামের দুই মেয়ে এবং আইয়ুব আলী নামের এক পালক ছেলে রেখে গেছেন। মকিদুননেছা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের মা৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার শোকবার্তায় বলেন, ‘মকিদুননেছা রত্নের মতো সন্তান জন্ম দিয়েছিলেন৷ সেই সন্তান দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়ে চিরস্মরণীয় হয়ে রয়েছেন৷’ প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান৷
বেলা ১১টার দিকে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মকিদুননেছার প্রথম জানাজা হয়৷ বেলা দুইটার দিকে স্থানীয় আড়পাড়া উচ্চবিদ্যালয় মাঠে সর্বস্তরের হাজারো মানুষের অংশগ্রহণে হয় দ্বিতীয় জানাজা৷ জানাজার আগে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সাংসদ আবদুর রহমান, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন এবং বীরমাতার পালক ছেলে আইয়ুব মুন্সী বক্তব্য দেন। পরে তাঁরাসহ অন্যদের মধ্যে পুলিশ সুপার জামিল হাসান, বিজিবির চুয়াডাঙ্গা অঞ্চলের উপ-অধিনায়ক মেজর মো. আনোয়ার জাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতারা মরহুমার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বিজিবির তৈরি করে দেওয়া বাড়ির আঙিনায় বিকেল পৌনে তিনটার দিকে বীরমাতার মরদেহ দাফন করা হয়৷
১৯৭১ সালের ৮ এপ্রিল রাঙামাটির বুড়িরহাট এলাকায় তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদত বরণ করেন৷ তখন তাঁর বয়স ছিল ২৮ বছর। দেশ স্বাধীন হওয়ার পর সরকার তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়।
বীরমাতার মৃত্যুতে ফরিদপুর-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।