বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মৃত্যুবার্ষিকী পালিত
‘দেশের শ্রেষ্ঠ সন্তানদের অবদান চিরকাল স্মরণ করব এবং তাঁদের স্বপ্নের দেশ গঠনে আত্মনিয়োগ করব’—এ প্রত্যয়কে ধারণ করে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৪৪তম মৃত্যুাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল সোমবার ফরিদপুরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরশ্রেষ্ঠের নিজ গ্রাম ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগরে তাঁর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।
বক্তারা মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বিদ্যুৎ-সংযোগের দাবি জানান। ছয় বছর আগে জাদুঘরটি নির্মিত হলেও এটি এখনো বিদ্যুৎবিহীন। পরে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. হাবিবুল্লাহ আগামী এক বছরের মধ্যে জাদুঘরে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
একই দিন বেলা ১১টায় কামারখালীর সরকারি মুন্সী আব্দুর রউফ ডিগ্রি কলেজেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙামাটির নানিয়ারচরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে শহীদ হন ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। স্বাধীনতাযুদ্ধের পর বাংলাদেশ সরকার তাঁকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।