বীরশ্রেষ্ঠদের নামে জাদুঘর-গ্রন্থাগার চলছে খুঁড়িয়ে
স্বাধীনতাযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে তাঁদের নিজ নিজ গ্রামে নির্মিত স্মৃতি জাদুঘর ও পাঠাগারগুলো বেহাল। যথাযথ তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এগুলো রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মচারীরা দৈনিক স্বল্প বেতনে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন। চাকরি স্থায়ী না হওয়ায় কাজে তাঁরা আগ্রহ হারাচ্ছেন। আর এর প্রভাব পড়ছে স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে। ফলে যে উদ্দেশে এগুলো তৈরি করা হয়েছে তা ভেস্তে যেতে বসেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসব জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হয়। প্রতিটি জাদুঘর ও গ্রন্থাগারে দৈনিক ১২০ টাকা মজুরিতে একজন তত্ত্বাবধায়ক এবং মাসিক চার হাজার টাকা বেতনের একজন গ্রন্থাগারিক থাকার কথা থাকলেও কোনো কোনো স্থানে এই জনবলও নেই। ভাগনে আর ভাতিজা সামলান গ্রন্থাগার ও জাদুঘর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার হামিদনগরে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে গিয়ে দেখা গেছে, সেখানে গ্রন্থাগারিক বীরশ্রেষ্ঠের ভাগনে টিপু সুলতান। আর তত্ত্বাবধায়কের দায়িত্বে আছেন বীরশ্রেষ্ঠের ভাতিজা মোস্তাফিজুর রহমান মিলন। মিলন জানান, প্রতিদিন এই লাইব্রেরিতে ১২০ থেকে ১৫০ জন পাঠক বই পড়েন। গ্রন্থাগারিক টিপু সুলতান জানান, তিনি মাত্র চার হাজার টাকা মাসিক চুক্তিতে প্রায় তিন বছর ধরে কাজ করছেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম মোল্লা জানান, তাঁদের নিয়োগ চুক্তিভিত্তিক। মন্ত্রণালয়ের নির্দেশে আপাতত তাঁদের স্থানীয়ভাবে বেতন দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালনার জন্য তাঁদের চাকরি স্থায়ী করা দরকার। বীরশ্রেষ্ঠ মতিউরের নামে জাদুঘর এখনো চালু হয়নি: নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মেঘনার গাঁ ঘেঁষা ছোট্ট গ্রাম মতিনগর (প্রস্তাবিত)। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম এই গ্রামে। এখানে বীরশ্রেষ্ঠের নামে করা গ্রন্থাগার ও জাদুঘরের ভেতরে ঢোকার আগে চোখে পড়ে বিশাল ভবন। ভবনের সামনের অংশের দেয়ালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বিশাল প্রতিকৃতি। ভেতরে কক্ষের চারপাশে তাকে থরে থরে সাজানো মুক্তিযুদ্ধভিত্তিকসহ বিভিন্ন ধরনের বই। গ্রন্থাগারের কয়েকজন নিয়মিত পাঠক জানান, সময়মতো গ্রন্থাগারটি খোলা হয় না। কোনো কোনো সময় নির্ধারিত সময়ের আগেই এটি বন্ধ করে দেওয়া হয়। গ্রন্থাগারিক আকলিমা বেগম জানান, এখানে দুই হাজার ৮০০ বই রয়েছে। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন পাঠক বই পড়েন। তিনি জানান, পাঠাগারের নামের সঙ্গে জাদুঘর লেখা থাকলেও এখনো জাদুঘরের কার্যক্রম শুরু হয়নি। তত্ত্বাবধায়ক এনামুল হক বলেন, নিয়োগের দুই বছরের মধ্যে চাকরি স্থায়ী করার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন করা হচ্ছে না। সারা দিন কাজ শেষে আমাকেই নৈশপ্রহরীর কাজ করতে হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান প্রথম আলোকে বলেন, ‘সুযোগ পেলে গ্রামের বাড়িতে যাই। তবে গ্রন্থাগারের ব্যবস্থাপনা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’ কাজ চালাচ্ছেন দারোয়ান: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফ নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের দারোয়ান ও তত্ত্বাবধায়ক বিপুল মোল্লা। গ্রন্থাগারিক বিদ্যাধর মণ্ডল চার মাস আগে চাকরি ছেড়েছেন।বিপুল মোল্লা জানান, ‘আমাদের চাকরি স্থায়ী নয়। আমি প্রতিদিন ১২০ টাকা মজুরি পাই।’ আর মাসিক চার হাজার টাকা বেতনে পোষায় না বলে গ্রন্থাগারিক বিদ্যাধর চার মাস আগে চাকরি ছেড়ে দিয়েছেন। তিনি জানান, জাদুঘরে বিদ্যুৎ সংযোগ নেই। নেই পানির ব্যবস্থা। স্থানীয় বাসিন্দা আশরাফুজ্জামান জানান, একজন লোক দিয়ে এ জাদুঘর ও গ্রন্থাগারটি রক্ষণাবেক্ষণ করা কষ্টকর। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, গত চার মাস ধরে একজন গ্রন্থাগারিক নিয়োগের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। বীরশ্রেষ্ঠের চাচাতো ভাই তত্ত্বাবধায়ক: নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মোহাম্মদনগরের পাশে আলীগঞ্জে বীরশ্রেষ্ঠর নামে নির্মিত গ্রন্থাগার ও জাদুঘরটি তত্ত্বাবধানে জেলা পরিষদ ২০০৯ সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের চাচাতো ভাই ইউনুছ শেখকে দৈনিক ১২০ টাকা মজুরিতে নিয়োগ করে। কিন্তু এখানে কোনো গ্রন্থাগারিক নেই। ইউনুছ শেখ জানান, সকাল আটটায় গ্রন্থাগার খুলতে হয়। একার পক্ষে সব কাজ করা কঠিন। চোরেরা গ্রন্থাগারের শৌচাগারের ট্যাংকের লোহার ঢাকনা এবং পাইপ খুলে নিয়ে গেছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. গাউস বলেন, মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় গ্রন্থাগারিক নিয়োগ করা যাচ্ছে না। নদীভাঙনের হুমকির মুখে: সুন্দর একটি ভবন, কিছু বই ছাড়া বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমিতে নির্মিত স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারে আর কিছু নেই। গ্রন্থাগারের নিয়মিত পাঠক মো. মনিবুর রহমান এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের এই জাদুঘর ও গ্রন্থাগারটি নদীভাঙনের হুমকির মুখে। গ্রন্থাগারিক হারুন অর রশীদ জানান, দুজন কর্মচারী দৈনিক মজুরির ভিত্তিতে এখানে কাজ করছেন। তিনি আশঙ্কা করছেন, যেকোনো সময় এটি নদীভাঙনে বিলীন হয়ে যেতে পারে। একজন তত্ত্বাবধায়ক দিয়েই চলছে: প্রতিষ্ঠার তিন বছরেও পূর্ণতা পায়নি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রুহুল আমিন নগরের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। মুক্তিযুদ্ধের সময়কার ১৬০টি আলোকচিত্র, সাড়ে তিন হাজার নানা ধরনের বই এবং কিছু পদকই কেবল এখানকার সম্বল। জাদুঘরটি দেখভালের দায়িত্বে আছেন দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগ পাওয়া একজন তত্ত্বাবধায়ক। দর্শনার্থীদের তথ্য জানানো, জাদুঘরের বইপত্র সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, এমনকি ধোয়ামোছার কাজও করতে হয় তাঁকে। গ্রন্থাগার থাকলেও কোনো গ্রন্থাগারিক নেই। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, জাদুঘরটির সামনে লাগানো ফুলগাছগুলো মরে শুকিয়ে যাচ্ছে। সেখানে দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার ছাপ সহজেই চোখে পড়ে।তত্ত্বাবধায়ক মো. আলাউদ্দিন জানান, ‘আমি একা মানুষ। কয় দিক সামলাব? এটি এখনো নামেই জাদুঘর। দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এসে হতাশ হয়ে ফিরে যান। কারণ তাঁরা এই জাদুঘর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বীরশ্রেষ্ঠ সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান।’অবহেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘর: ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মোস্তফানগরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল পাঠাগার ও জাদুঘর অবহেলায় পড়ে আছে। একজন গ্রন্থাগারিক এবং একজন তত্ত্বাবধায়ক ও দারোয়ান এখানে দায়িত্ব পালন করেন। সরেজমিনে দেখা গেছে, জাদুঘরের ভেতরে-বাইরে দেয়ালগুলোতে শ্যাওলা পড়েছে। পাঠাগারে বইয়ের সংখ্যা খুবই কম। প্রতিদিন পত্রিকা আসে দুটি। গ্রন্থাগারিক মো. রাশেদ বলেন, মাত্র চার হাজার টাকা বেতনে কিছুই হয় না। তাদের চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে নেওয়া দরকার। একই কথা বলেন দৈনিক ১২০ টাকা মজুরি পাওয়া তত্ত্বাবধায়ক মো. রাশেদ। ইউনিয়নের বাসিন্দা ও ছাত্রলীগের সাবেক নেতা মোস্তাক শাহিনসহ কয়েকজন এলাকাবাসী বলেন, এখানে যে একটি জাদুঘর ও গ্রন্থাগার আছে তা ভোলার অধিকাংশ লোকই জানে না। এই স্থাপনা ভালোভাবে রক্ষণাবেক্ষণ ও এর সৌন্দর্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া দরকার। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ও ভৈরব এবং বরিশাল, ফরিদপুর, নড়াইল, নোয়াখালী ও ভোলা প্রতিনিধি]