>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

পিচ-খোয়া নেই। ছোট ছোট অসংখ্য গর্তের পাশাপাশি আছে জায়গায় জায়গায় বড় গর্ত। তিন-চার ইঞ্চি পুরু ধুলাবালুর স্তর। সমানে উড়ছে ধুলাবালু। স্বাভাবিক গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাই দায়। তবু পথচারী ও যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। চলছে গাড়িও।
খুলনার রূপসা উপজেলার রূপসা নদীর পূর্ব পাড়সংলগ্ন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের চিত্র এটি। সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন। ভাঙাচোরা থাকায় এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় ব্যক্তিরা জানান, এমন দিন নেই, এই সড়কের গর্তে গাড়ি আটকায় না। হেলেদুলে চলতে গিয়ে যন্ত্রাংশ ভাঙে পণ্যবাহী যানের। দীর্ঘদিন সংস্কার না করায় ভাঙাচোরা এ সড়কে যাতায়াত এবং পণ্য পরিবহনে মানুষকে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি রূপসা ফেরিঘাটের পূর্ব পাড় থেকে শুরু হয়ে চর রূপসা, বাগমারা হয়ে জাবুসা বাজারে গিয়ে শেষ হয়েছে। ছয়-সাত বছর হলো এই সড়কে বড় ধরনের কোনো কাজ হয়নি।
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এই সড়কের পাশে আছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি, অনন্ত চিংড়িসহ বিভিন্ন মৎস্য প্রক্রিয়াজাতকরণের ১৭টি কারখানা, বেশ কয়েকটি বরফকল, ইট-বালুর দোকান (গোলা), কোস্টগার্ড কার্যালয় ও পুলিশ ক্যাম্প এবং তিনটি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। চর রূপসা, বাগমারা, জাবুসা এলাকার মানুষ যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করে। তা ছাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি দেখতেও আসেন দেশের অনেক মানুষ; আসেন অনেক বিদেশিও।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের রূপসা সেতুর পূর্ব পাড় থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশের প্রায় পুরোটাই খানাখন্দে ভরা। রাস্তাজুড়ে ধুলাবালুর পুরু স্তর। রাস্তার পিচ-খোয়া উঠে গেছে। বেশির ভাগ জায়গায় পিচ-খোয়ার অস্তিত্ব নেই। তৈরি হয়েছে বড় বড় গর্তের। কোথাও কোথাও চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। ট্রাক ও যাত্রীবাহী ভ্যান গর্তে আটকে যাচ্ছে।
ওই সড়ক দিয়ে নিয়মিত পণ্য আনা-নেওয়া করেন ট্রাকচালক কামাল হোসেন। তিনি বলেন, ঝাঁকুনিতে রাস্তার মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায়। আর গাড়ি উল্টে যাওয়া, যন্ত্রাংশ নষ্ট হওয়া তো নিত্যদিনের ঘটনা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রূপসা উপজেলা প্রকৌশলী মো. মহিউদ্দীন মিয়া জানান, মাঝেমধ্যে ছোটখাটো সংস্কার করা হয়। তবে দীর্ঘদিন বড় ধরনের সংস্কারকাজ না হওয়ায় ও ভারী যান চলাচল করায় সড়কের এই অবস্থা হয়েছে।
এলজিইডির খুলনা কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান বলেন, চলতি বছর সড়কটির সবচেয়ে খারাপ অংশ রূপসা সেতুর নিচ থেকে পূর্ব রূপসা ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটারের কিছু বেশি অংশে প্রায় ৭৭ লাখ টাকার সংস্কারকাজ করা হবে। কার্যাদেশ হয়ে গেছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।