বীরাঙ্গনা বাহাতনকে স্মরণ
বাংলাদেশ স্বাধীন করতে বীরাঙ্গনা নারীর অবদানের কথা মনে রাখেনি রাষ্ট্র। রাষ্ট্র কী, তা না বুঝেই এসব নারী অনেক ত্যাগ স্বীকার করেছেন, তবে এসব মাকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি। তার পরও তাঁরা এই দেশটাকে আমৃত্যু ভালোবেসেছেন।
গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বীরাঙ্গনা বাহাতন স্মরণ অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট এই অনুষ্ঠানের আয়োজন করে।
গত ৭ আগস্ট ৭৫ বছর বয়সী বীরাঙ্গনা বাহাতন মারা যান। একাত্তরে সিরাজগঞ্জের বীরাঙ্গনা বাহাতন নিজের সন্তানের সামনে পাকিস্তানি বাহিনীর হাতে ধর্ষণের শিকার হন। তাঁকে রক্ষা করতে এসে তাঁর স্বামী শহীদ হয়েছিলেন।
অনুষ্ঠানে কথাশিল্পী সেলিনা হোসেন বলেন, ‘আজকের এ স্মরণের আয়োজন অনেক গৌরব ও পুণ্যের। কারণ, বাহাতনের মতো বীরাঙ্গনারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবনের সবটুকু হারিয়েছিলেন।’
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ধর্ষণের শিকার মাকে ছেলেই আগলে রেখেছেন সারা জীবন। কিন্তু দেশ তাঁর কথা মনে রাখেনি। বেঁচে ছিলেন নানা যন্ত্রণা নিয়ে।
অনুষ্ঠানের শুরুতেই কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ শীর্ষক কবিতাটি গানের রূপান্তর করে পরিবেশন করেন আবিদা রহমান। সমর বড়ুয়া গেয়ে শোনান ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপমানিত’ কবিতাটি আবৃত্তি করেন জালালউদ্দিন। মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বীরাঙ্গনা বাহাতনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।
আলোচনায় আরও অংশ নেন সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঝুনা চৌধুরী ও পথনাটক পরিষদের মিজানুর রহমান।