বীরাঙ্গনাকে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বীরাঙ্গনা ফুলমতিকে (৭৩) গতকাল বুধবার ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বীরাঙ্গনার বাড়িতে গিয়ে ওই অনুদান দেন।
এ ছাড়া ফুলমতিকে জেলা প্রশাসক দুই কক্ষবিশিষ্ট ঘর, একটি গাভি ও খাসজমি বন্দোবস্তসহ তাঁর ছেলে রবি দাসের চাকরি প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, সাংবাদিক তাজুল ইসলাম, মোস্তাফিজার রহমান, জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুর রশিদ বলেন, ফুলমতির কোনো সহায়-সম্বল নেই। সরকারি পতিত জায়গায় একচালা ছাপড়া ঘরে থাকতেন। সম্প্রতি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ায় গতকাল জেলা প্রশাসক ওই অনুদান দিলেন।
অনুদান পেয়ে বীরাঙ্গনা ফুলমতি ভাঙা ভাঙা কণ্ঠে বলেন, ‘যুদ্দের ম্যালা দিন পরে তোমরা হামাক ট্যাকা দিলেন। ঘর দিব্যার চালেন, এগলে পায়া ভালো হলো বাবা।’