মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের আত্মত্যাগের কাহিনি স্কুল ও কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনাল বলেছেন, এতে প্রজন্মের পর প্রজন্ম জানতে পারবে, মুক্তিযুদ্ধকালে বীরাঙ্গনাদের ওপর পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার, আলবদর বাহিনীর সদস্যরা কোন ধরনের বর্বর অত্যাচার ও যৌন নির্যাতন করেছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এসব কথা বলেন। ট্রাইব্যুনাল মনে করেন, মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। সেই সঙ্গে বীরাঙ্গনাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার জন্য জাতিকে এগিয়ে আসতে হবে।
এ মামলায় রাষ্ট্রপক্ষ আরজি জানিয়েছিল, আজহারের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে মুক্তিযুদ্ধকালে ধর্ষণের শিকার এক নারীকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ওই নারী আজহারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। ধর্ষণের এ অভিযোগ প্রমাণিত হলেও আজহারকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো নির্দেশ ট্রাইব্যুনাল দিতে পারেননি। কারণ, ট্রাইব্যুনালের আইনে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই।
এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, মুক্তিযুদ্ধে ধর্ষণসহ নির্মম নির্যাতনের শিকার বীরাঙ্গনাদের সামাজিক স্বীকৃতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একাত্তরে ধর্ষণের শিকার যে নারী আজহারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, তাঁর মুক্তিযোদ্ধা স্বামীও রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন। তিনি তাঁর বীরাঙ্গনা স্ত্রীকে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করেননি। মুক্তিযোদ্ধাদের সমান সম্মান বীরাঙ্গনাদেরও প্রাপ্য, এটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়েও ট্রাইব্যুনাল-২ একই ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন। ২৩ ডিসেম্বর দেওয়া ওই রায়ে ট্রাইব্যুনাল-২ বলেন, সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মুক্তিযুদ্ধকালে ধর্ষণের শিকার নারী ও যুদ্ধশিশুদের খুঁজে বের করতে হবে। এরপর তাঁদের সম্মানের সঙ্গে সমাজে পুনর্বাসন করার উদ্যোগ নিতে হবে।
দুই ট্রাইব্যুনালই এ প্রসঙ্গে ১৯৭২ সালে গঠিত মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসন কেন্দ্রের উদাহরণ দেন। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এই পুনর্বাসন-প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ট্রাইব্যুনাল মনে করেন, বতর্মান সরকার এ ধরনের পুনর্বাসন কেন্দ্র বা প্রকল্প হাতে নিতে পারে।