বীরাঙ্গনাদের তালিকা ও রাষ্ট্রীয় স্বীকৃতির নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরাঙ্গনাদের সমন্বিত তালিকা প্রস্তুত করে গেজেট আকারে তা প্রকাশের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার এ রুল দেন। আগামী ২৬ মার্চের মধ্যে কেন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হবে না এবং এ বিষয়ে গত ৪২ বছরের নীরবতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। আইনসচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিবসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বীরাঙ্গনাদের সমন্বিত তালিকা প্রস্তুত করে গেজেট আকারে প্রকাশ এবং তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ মুক্তিযোদ্ধাদের মতো আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতে নির্দেশনা চেয়ে গত সপ্তাহে রিটটি করা হয়। সালেহা ইসহাক উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সংগঠনের সভাপতি মিতালী হোসেন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী রিট আবেদনটি করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
ফাওজিয়া করিম ফিরোজ পরে প্রথম আলোকে বলেন, ‘বীরাঙ্গনাদের অনেকেই অশিক্ষিত ও প্রান্তিক পর্যায়ের। দেশের জন্মলগ্নে তাঁদের অবদানের বিপরীতে তাঁরা যে অন্তত স্বীকৃতি পেতে পারেন, সে বিষয়ে তাঁরা সচেতন নন। তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হয়নি। এ কারণে রিট করা হয়।
রিট আবেদনে বলা হয়, একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দিলেও বীরাঙ্গনাদের কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি। তাঁরা একাত্তরের ভয়াল স্মৃতি নীরবে বয়ে বেড়াচ্ছেন। তাঁরা জাতির গর্ব। এর পরও তাঁদের অনিশ্চয়তার মধ্যে জীবন পার করতে হচ্ছে। তাঁদের স্বীকৃতি দিতে অনেক দেরি হয়েছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় কাজ করছে। এখন বীরাঙ্গনাদের ঋণ পরিশোধ করতে হবে। নতুবা আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে।