একাত্তরের বীরাঙ্গনাদের তালিকা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যেভাবে করা হয়েছে, বীরাঙ্গনাদের তালিকা সেভাবে করা হবে না। ভুয়া মুক্তিযোদ্ধার মতো কলঙ্কের কাহিনির হাত থেকে বাঁচার জন্য যে প্রক্রিয়া প্রয়োজন সেভাবে নারীনেত্রীদের নেতৃত্বে এ তালিকা করা হবে।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বীরাঙ্গনাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও ভাতা প্রদান অনুষ্ঠানে’ মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যাঁরা নিজেদের বীরাঙ্গনা হিসেবে স্বীকার করবেন তাঁদেরই শুধু ভাতা দেওয়া হবে। আর যাঁরা নাম প্রকাশ করতে চাইবেন না, তাঁরা যত দিন চাইবেন, তাঁদের নাম সংরক্ষিত থাকবে।
সামাজিক সহায়তা উদ্যোগ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ময়মনসিংহ অঞ্চলের ১৩ জন বীরাঙ্গনাকে সংবর্ধনা দেয়। এঁদের প্রত্যেককে সংগঠনটি মাসে ৫০০ টাকা করে ভাতা দেয়। গতকাল অনুষ্ঠানে একসঙ্গে ছয় মাসের ভাতা দেওয়া হয়।
আয়োজক সংগঠনের পরিচালক অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, একাত্তরের বীরাঙ্গনাদের ইতিমধ্যেই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা যেসব সম্মান-অধিকার ভোগ করেন, বীরাঙ্গনারা তার চেয়েও বেশি সম্মান-অধিকার ভোগ করবেন। তিনি বলেন, ‘আমাদের দেশে সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের অবস্থান কোথায় তা আমরা জানি। বীরাঙ্গনারা যাতে এই আর্থসামাজিক প্রেক্ষাপটে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, সরকার সে জন্য যা করার, করবে।’
স্মৃতিচারণা পর্বে একজন বীরাঙ্গনা বক্তব্য দিতে উঠে অঝোরে কেঁদে ফেলেন। এরপর আর কাউকে বক্তব্য দিতে বলা হয়নি।
বীরাঙ্গনাদের ওপর একটি তথ্যচিত্র দেখিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।