বীরাঙ্গনাদের প্রাথমিক তালিকা দুই মাসের মধ্যে চূড়ান্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা বীরাঙ্গনা নারীদের প্রাথমিক তালিকা দুই মাসের মধ্যে চূড়ান্ত হবে। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সামাজিক কারণে অনেক বীরাঙ্গনা নারী নিজেদের নাম প্রকাশে আগ্রহী নন। সে জন্য তাঁদের নাম প্রকাশ করা হবে না। ইতিহাসের অংশ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই তালিকা সংরক্ষণ করা হবে। আর ভাতা নিতে আগ্রহীদের নাম গেজেটে প্রকাশ করা হবে।
আওয়ামী লীগের ফজিলাতুন নেসার (বাপ্পি) প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত নারীদের স্বীকৃতি দেওয়ার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় যদি বিশ্ব সম্প্রদায় কোনো পদক্ষেপ গ্রহণ না করে, সে ক্ষেত্রে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের জিডিপির ২ শতাংশ এবং ২১০০ সাল নাগাদ ৯ দশমিক ৪ শতাংশ ক্ষতি হতে পারে। পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে সুরক্ষা দিতে সরকার এ পর্যন্ত জলবায়ু ট্রাস্ট ফান্ডের জন্য ২ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকারের সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে অধিবেশন শুরু হয়।