বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তিতে সিদ্ধান্ত প্রস্তাব পাস
বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করতে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সিদ্ধান্ত প্রস্তাব পাস হয়েছে। যশোর-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম প্রস্তাবটি উত্থাপন করলে তা কোনো সংশোধনী ছাড়াই সর্বসম্মতভাবে পাস হয়।
সিদ্ধান্ত প্রস্তাবের ওপর কয়েকজন সাংসদ সংশোধনী প্রস্তাব দিলেও তা নাকচ হয়। ইসরাফিল আলম ‘বীরাঙ্গনা’ শব্দের পরিবর্তে ‘বীরকন্যা’ সংযোজন এবং রুস্তম আলী ফরাজী বীরাঙ্গনাদের অবদানের বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা ও তাঁদের ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার প্রস্তাব করেন। এ ছাড়া পংকজ দেবনাথ, মামুনুর রশীদ, উম্মে কুলসুম, নাভানা আক্তার ও নূর জাহান বেগম মূল প্রস্তাবকে সমর্থন করে সংশোধনী প্রস্তাব দেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক প্রস্তাবটি গ্রহণের পক্ষে মত দিয়ে বলেন, মুক্তিযুদ্ধে যাঁরা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের ‘বীরাঙ্গনা’ বলে সম্মানিত করে গেছেন। জাতির পিতার দেওয়া সেই নামটাই যথার্থ বলে তা পরিবর্তন করা সমীচীন হবে না।
মন্ত্রী বলেন, বীরাঙ্গনাদের বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। বীরাঙ্গনাদের ১০ হাজার টাকা ভাতা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
এটি বর্তমান সংসদে পাস হওয়া দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাব। এর আগে ভারত থেকে বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) তালিকা দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হয়েছিল।
সিদ্ধান্ত প্রস্তাব পাসের পর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। শেষে অধিবেশন ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।