বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় সম্মান কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরাঙ্গনাদের সমন্বিত তালিকা প্রস্তুত করে গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

চলতি বছরের ২৬ মার্চের মধ্যে কেন তা প্রকাশ করা হবে না এবং এ বিষয়ে গত ৪২ বছরের নীরবতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর আজ সোমবার এ রুল দেন।

আইনসচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিবসহ সাত বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বীরাঙ্গনাদের সমন্বিত তালিকা প্রস্তুত ও তাঁদের রাষ্ট্রীয় মর্যাদাসহ মুক্তিযোদ্ধাদের মতো আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতে নির্দেশনা চেয়ে সালেহা ইসহাক উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন-ছাত্রী সংগঠনের সভাপতি মিতালি হোসেন ও বিএনডব্লিউএলএ-এর নির্বাহী পরিচালক সালমা আলী গত সপ্তাহে রিট আবেদনটি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।