বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মাসিক ভাতা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাঁদের নিয়মিত ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক নেতারা। গতকাল শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি তোলা হয়।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র গেরিলার নির্মাতা, কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ত্যাগের জন্য ‘বীরাঙ্গনা’ হিসেবে অভিহিত নারীদের কয়েকজনকে ঈদের উপহার এবং হাতখরচের অর্থ দেওয়া হয়। এই অনাড়ম্বর আয়োজনে গেরিলা ছবির নির্মাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ মুক্তিযুদ্ধে নির্যাতিত এসব নারীকে ‘বীরমাতা’ অথবা ‘বীরাঙ্গনা’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার ২১ জন বীরাঙ্গনার জন্য ঈদের পোশাক ও অন্যান্য উপহার এবং কিছু অর্থ দেওয়া হয়। উপহার গ্রহণকারীদের মধ্যে ছিলেন বেলকুচির শামসুন্নাহার ও রহিমা বেগম।অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, সাফিনা লোহানী, অভিনেত্রী জয়া আহসান, এষা ইউসুফসহ অনেকে বক্তব্য দেন।বক্তারা বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত এসব নারীকে নিজের মেয়ে বলে স্বীকৃতি দিয়ে তাঁদের সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালে তাঁর হত্যাকাণ্ডের পর পুনর্বাসনকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে দেশের জন্য এত বড় ত্যাগ স্বীকার করা নারীরা ঠিকানাবিহীন হয়ে পড়েন। তাঁরা সামাজিকভাবে নানা লাঞ্ছনা-গঞ্জনা ও আর্থিক কষ্টের শিকার হন। আলোচকেরা বীরাঙ্গনাদের অধিকার ও মর্যাদা নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন। বক্তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আর্থিকসহ নানা রকম কষ্টে থাকা বীরাঙ্গনাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, যুদ্ধাপরাধীদের উপযুক্ত সাজা দেওয়া সম্ভব হলে বীরাঙ্গনাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।