বীরাঙ্গনাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ অ্যান্ড জাস্টিসের প্রথম শীতকালীন কর্মশালার প্রশিক্ষণার্থীরা।
গতকাল বৃহস্পতিবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা এ দাবি জানান। মানিকগঞ্জে প্রশিকার মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
বিশেষ অতিথি লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বর্তমান সরকারের নানা বিষয়ে সমালোচনা আছে। তবে মানবতাবিরোধী অপরাধের বিচারের যে উদ্যোগ সরকার নিয়েছে, সবার উচিত সেটিকে সমর্থন করা। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, মফিদুল হক, ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ প্রমুখ।
আট দিনব্যাপী এ কর্মশালায় গণহত্যা, ক্রান্তিকালীন বিচার, সাক্ষী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুরক্ষা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের দেখানো হয় সম্মুখযুদ্ধ ও গণহত্যা সংঘটনের স্থান। এসব বিষয়ে প্রশিক্ষণ দেন স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদ, আন্তর্জাতিক অপরাধ আইনবিশেষজ্ঞ, বিদেশি যুদ্ধাপরাধ আদালতের তদন্ত কর্মকর্তা, বাংলাদেশের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও তদন্ত সংস্থার সদস্যরা। এ ছাড়া প্রশিক্ষণার্থীদের মুক্তিযুদ্ধ ও গণহত্যাবিষয়ক প্রামাণ্যচিত্র দেখানো হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।