বীরেনের 'রসগোল্লা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুরে নর্থবেঙ্গল সুগার মিলের ক্যানটিনে মেলে এই রসগোল্লা। ১০টি বড় রসগোল্লা এক কেজি। দাম ১০০ টাকা।
নাটোরের লালপুরে নর্থবেঙ্গল সুগার মিলের ক্যানটিনে মেলে এই রসগোল্লা। ১০টি বড় রসগোল্লা এক কেজি। দাম ১০০ টাকা।

গামলাভর্তি রস। রসে ভাসছে বড় বড় রসগোল্লা। মনে পড়ে যায় সৈয়দ মুজতবা আলীর ‘রসগোল্লা’ গল্পের কথা। গল্পের বড় কর্তার মতোই দশা কলেজশিক্ষক গোলাম তোফাজ্জল কবিরের। মুখে একটি রসগোল্লা পুরে খানিকটা চুপ। তারপর বললেন, ‘অতুলনীয়।’
নাটোরের লালপুরের নর্থবেঙ্গল সুগার মিলের ক্যানটিনের এই রসগোল্লা স্থানীয়ভাবে ‘ক্যানটিনের মিষ্টি’ নামে পরিচিত। স্থানীয় কারিগর বীরেন রায়ের হাতে এই রসগোল্লার জন্ম। পরে সুনাম ছড়িয়ে পড়ে দেশে-বিদেশে। বীরেন নেই, কিন্তু তাঁর ঐতিহ্যবাহী রসগোল্লা আছে।
কয়েক দিন আগে নর্থবেঙ্গল সুগার মিলের ক্যানটিনে গিয়ে দেখা মেলে সেই রসগোল্লার। ১০টি বড় রসগোল্লা এক কেজি। দাম ১০০ টাকা। এলাকার লোকজন জানালেন, লালপুর ও পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এই রসগোল্লা দারুণ জনপ্রিয়। বিদেশে থাকা এ অঞ্চলের প্রবাসীরা বাবা-মায়ের কাছে এই মিষ্টির জন্য বায়না পর্যন্ত ধরেন।
প্রায় নয় বছর আগে মারা যান বীরেন। মৃত্যুর কিছুদিন আগে কথা হয় তাঁর সঙ্গে। তখন তিনি জানান, প্রায় ৬০ বছর ধরে বিশেষ ধরনের এই রসগোল্লা তৈরি করছেন। পরে তা ব্যাপক জনপ্রিয় হয়। জাপানপ্রবাসী বাংলাদেশিরাও এই রসগোল্লার জন্য বায়না পাঠান।
এখন ক্যানটিনটি চালাচ্ছেন বীরেনের ছেলে বিজন রায়। তিনি বলেন, ‘বাবাকে স্মরণ করে তাঁর তৈরি রসগোল্লার ঐতিহ্য ধরে রেখেছি। বাবার মতো একইভাবে তৈরি করে যাচ্ছি “ক্যানটিনের মিষ্টি”।’ স্বাদ ও মান আগের মতোই আছে বলে দাবি তাঁর।