বীরেন্দ্র হত্যা মামলার'কেস ডকেট' গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯ বছর আগে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের ছাত্র বীরেন্দ্র কুমার সরকার। এ ঘটনায় জগন্নাথ হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক জপব্রত রায়চৌধুরী বাদী হয়ে রমনা থানায় মামলা করলেও কোনো দিন আদালতে হাজির হননি তিনি। এমনকি মামলার ‘কেস ডকেট’ না থাকায় আদালত বলছেন, কেস ডকেট ছাড়া মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে ঢাকার বিশেষ জজ-৩ আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি রফিক উদ্দিন প্রথম আলোকে বলেন, কেস ডকেটের অভাবে মামলার বিচারকাজ বন্ধ রয়েছে। কেস ডকেট না পাওয়া গেলে মামলার বিচারের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত।
মামলার বিবরণ অনুযায়ী, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ১৯৭৭ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক ছাত্র বীরেন্দ্র কুমারকে ছুরিকাঘাত করেন তাঁর বন্ধু রণজিৎ মজুমদার। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। কিন্তু রণজিৎ হল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আদালতে পুলিশ প্রতিবেদন দিয়ে বলেছে, রণজিৎ বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন।
বিচার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জপব্রত রায় চৌধুরী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ১৯৮৮ সালে সপরিবারে আমেরিকায় চলে যান। অন্যদিকে মামলার অপর চারজন সাক্ষী নিহত বীরেন্দ্রর বন্ধু স্বপন কুমার রায়, সচিন্দ্র চন্দ্র ঘোষ, শীষ মোহাম্মদ এবং পুলিশের তৎকালীন সহকারী উপপরিদর্শক মামলার রেকর্ডি অফিসার আবদুল বারীকেও আদালতে হাজির করতে পারেনি পুলিশ। তবে ঘটনার ৩৭ বছর পর ২০১৪ সালে আদালতে সাক্ষ্য দিতে আসেন তদন্তকারী কর্মকর্তা খোরশেদ আলম। কিন্তু কেস ডকেট না থাকায় তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ করতে পারেননি আদালত।
নথিতে দেখা গেছে, কেস ডকেট উপস্থাপনের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর তৎকালীন বিচারক বাসুদেব রায় ঢাকা মহানগরের প্রধান সরকারি কৌঁসুলিকে নির্দেশ দেন। এর জবাবে ২০১৪ সালের ১০ নভেম্বর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু আদালতে পাঠানো এক চিঠিতে বলেছেন, ১৯৯৯ সালে মহানগর দায়রা জজ আদালত গঠনের সময় হতে যেসব মামলার কেস ডকেট গ্রহণ করা হয়েছে, তার মধ্যে বীরেন্দ্র হত্যার কেস ডকেট নেই। তবে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের পিআর রেজিস্ট্রারে দেখা গেছে, কেস ডকেটটি স্বাক্ষর করে নেওয়া। কিন্তু কার স্বাক্ষর তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে কেস ডকেট সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে।
আবদুল্লাহ আবু এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এখনো বীরেন্দ্র হত্যার কেস ডকেটটি খুঁজে পাইনি।’ ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘কেস ডকেটের অভাবে বীরেন্দ্র হত্যার বিচার থমকে আছে তা আমার জানা ছিল না। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
তদন্তকারী কর্মকর্তা খুরশিদ আলম আদালতে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে আসামি রণজিতের বন্ধুত্ব ছিল। পরে রণজিতের পরিবর্তে বীরেন্দ্রর প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রণজিৎ পরিকল্পিতভাবে বীরেন্দ্রকে জগন্নাথ হলে ছুরিকাঘাত করে খুন করেন। ২০১৪ সালের ৩ জুলাই সাক্ষ্য দেন খুরশিদ আলম। আর ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর আদালত এক আদেশে বলেছেন, কেস ডকেট না থাকায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ সত্ত্বেও মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এরপরও রাষ্ট্রপক্ষ কেস ডকেটটি আদালতে উপস্থাপন করতে পারেনি।
রাষ্ট্রপক্ষে এই হত্যা মামলাটি পরিচালনাকারী সরকারি কৌঁসুলি রফিক উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মামলার বাদী জপব্রত চৌধুরীও আদালতে হাজির হচ্ছেন না। আবার কেস ডকেটও পাওয়া যাচ্ছে না। তাতেই মামলার সব তথ্য লিপিবদ্ধ থাকে। ময়নাতদন্তও রিপোর্টও আমাদের কাছে নেই। বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কীভাবে প্রমাণ করব, বীরেন্দ্র খুন হয়েছিল?’