বুক চাপড়ে কাঁদছেন কমলা

>
- সড়কে মৃত্যুর মিছিল
- গতকাল ৯ জনসহ ৫৪৯ দিনে নিহত ৪,৯৭৫
জন্মের পর দুই নাতি-নাতনির মুখ দেখা হয়নি কমলা বিশ্বাসের (৭০)। মেয়েকেও দেখেননি দুই বছর ধরে। নাতি-নাতনিদের নিয়ে মেয়ে বাড়ি ফিরছেন। পথ চেয়ে তাই বসে ছিলেন কমলা। কিন্তু দেখা যখন হলো, তখন বুক চাপড়ে কাঁদছেন তিনি। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে মেয়ে ও দুই নাতি-নাতনির লাশ ফিরেছে বাড়িতে।
নাটোরের লালপুরের কদিমচিলান ক্লিক মোড়ে গত শনিবার বিকেলে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫ জনের মধ্যে ছিলেন কমলা বিশ্বাসের মেয়ে আদরী বিশ্বাস (৩৫), তাঁর ছেলে প্রত্যয় রোজারিও ও মেয়ে স্বপ্না রোজারিও।
ওই দুর্ঘটনার ঘটনায় গতকাল রোববার সকালে লালপুর থানায় মামলা হয়েছে। মামলায় বনপাড়া হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি-সম্পাদকসহ সাতজনকে আসামি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইউছুব আলী বাদী হয়ে মামলাটি করেন। তবে পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পাঁচ বছর ধরে স্বামী মন্টু রোজারিওর সঙ্গে গাজীপুরের কালীগঞ্জে বাস আদরীর। দুই বছরের বেশি আগে মাকে দেখতে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামে গিয়েছিলেন। দুই সন্তানকে নিয়ে তাই ঈদের ছুটিতে শনিবার গাজীপুর থেকে বাসে রওনা হয়েছিলেন মায়ের বাড়ির উদ্দেশে। বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে বাস থেকে নেমে উঠেছিলেন লেগুনায়। আধা ঘণ্টার মধ্যেই মায়ের সঙ্গে দেখা হওয়ার কথা। মাকে ও স্বামীকে সে কথা ফোনে জানিয়েও দিয়েছিলেন। কিন্তু মায়ের সঙ্গে দেখা হয়নি তাঁর। দুই সন্তানের দেখা হয়নি তাদের নানির সঙ্গে।
গতকাল সকালে কমলার বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি ও তাঁর জামাতা মন্টু রোজারিও বুক চাপড়ে কান্না করছেন। মাঝেমধ্যে অচেতন হয়ে পড়ছেন। কমলা বলেন, ‘ঈদের ছুটিতে ওরা আমার কাছে আসছিল। আমি ওদের জন্য সাধ্যমতো সব ব্যবস্থা করে রেখেছিলাম। কিন্তু সব পণ্ড হয়ে গেল...।’
আসবাব ব্যবসায়ী মন্টু রোজারিও বলেন, ‘মেয়ের মাত্র নয় মাস বয়স। শখ করে ঈদে নতুন জামা কিনে দিয়েছিলাম। মৃত্যুর সময় ওর শরীরে ওই জামাটাই ছিল। ওই পোশাকে ওর রাস্তায় পড়ে থাকা দেখে আমি তাকাতে পারিনি।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মামলায় বনপাড়া হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি জাবেদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দুর্ঘটনাকবলিত লেগুনার চালক (দুর্ঘটনায় নিহত), চালকের সহকারী (দুর্ঘটনায় নিহত), চ্যালেঞ্জার বাসের মালিক (অজ্ঞাতনামা), চালক (অজ্ঞাতনামা) ও চালকের সহকারীকে (অজ্ঞাতনামা) আসামি করা হয়েছে। সমিতির সভাপতি ও সম্পাদককে আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা প্রভাব খাটিয়ে বেআইনিভাবে লেগুনা নামের হিউম্যান হলার মহাসড়কে পরিচালনা করেন।
এদিকে দুর্ঘটনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গতকাল সকালে বড়াইগ্রাম পৌর চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা দুর্ঘটনা রোধে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।