বুকিং সহকারী নেই, ১৬ মাস স্টেশন বন্ধ
বুকিং সহকারী না থাকায় ১৬ মাস ধরে বন্ধ রয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী স্টেশনের কার্যক্রম। ফলে এ স্টেশন থেকে মানুষ বিনা টিকিটে ভ্রমণ করছে। এতে একদিকে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে রেলওয়ের আর্থিক ক্ষতি হচ্ছে।
স্টেশন-সংশ্লিষ্ট সূত্র জানায়, দেড় শ বছর আগে রেলপথ প্রতিষ্ঠার সময় সালদা নদী থেকে ট্রেনে মালামাল আনা-নেওয়ার জন্য এ স্টেশনটি স্থাপন করা হয় এবং এটিকে ‘ডি’ শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। ওই সময় বুকিং সহকারী ও পোর্টার পদে দুজনকে নিয়োগ দেওয়া হয়। বুকিং সহকারীই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্টেশন দেখভাল করেন। কিন্তু প্রায় ৫০ বছর ধরে রেলওয়ের পণ্য পরিবহনে এ স্টেশনটি আর ব্যবহার হয় না। ওই সময় থেকে যাত্রীসেবার জন্য এ স্টেশনে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী পথে চলাচলকারী লোকাল ও মেইল ট্রেন যাত্রাবিরতি করে। পাশের অন্যান্য স্টেশনের মতো এ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হলেও আজ পর্যন্ত স্টেশনটি ডি শ্রেণীতেই রয়ে গেছে। তাই এ স্টেশনে এখনো বুকিং সহকারী পদটি রয়ে গেছে। অথচ অন্যত্র স্টেশনমাস্টার কিংবা সহকারী স্টেশনমাস্টার টিকিট বিক্রির কাজ করেন। গত বছরের ২৪ জুন এ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বুকিং সহকারী পিয়ার আহমেদ অবসরে যান।
গত শুক্রবার কুমিল্লা যাওয়ার জন্য এ স্টেশনে আসেন দেলোয়ার হোসেন ও আরিফুল ইসলাম। তাঁরা টিকিট ক্রয়ের জন্য স্টেশনের প্রধান কক্ষে গিয়ে সেটি তালাবদ্ধ দেখেন। তাঁরা এ প্রতিবেদককে বলেন, সুযোগ পেলে পাশের স্টেশন থেকে টিকিট নেবেন। অন্যথায় বিনা টিকিটে যেতে হবে।
স্টেশনে কর্মরত একমাত্র কর্মচারী (পোর্টার) নবী হোসেন বলেন, বুকিং সহকারী অবসরে যাওয়ার পর ১৬ মাস ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ আছে। স্টেশনের কার্যালয় কক্ষ বন্ধ থাকায় যাত্রীরা টিকিট কাটতে পারছেন না। তাই বাধ্য হয়ে তাঁরা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছেন।
লোকবল সংকটের কারণে সালদা নদী রেলস্টেশনের কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সুকুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, শিগগিরই এ স্টেশনে লোক নিয়োগের ব্যবস্থা করা হবে।