বুকে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে হত্যার হুমকির অভিযোগ
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদের বিরুদ্ধে বুকে পিস্তল ঠেকিয়ে এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়া এবং তাঁকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার মতলব দক্ষিণ উপজেলার মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।জানা গেছে, বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ১২ শতাংশ জায়গা দখল হয়ে যাওয়ার প্রতিবাদে শিক্ষকেরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এম এ ওয়াদুদ সেখানে উপস্থিত হন। একপর্যায়ে ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন মিয়া মাইকে বিক্ষোভ মিছিলের জন্য সবাইকে প্রস্তুত হতে বলেন। এ সময় হঠাৎ করে ওয়াদুদ তাঁর (মামুনের) হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। তিনি ওই শিক্ষকের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন। আত্মরক্ষার্থে মামুন সেখান থেকে দৌড়ে চলে আসেন। পরে ক্ষুব্ধ শিক্ষকদের তোপের মুখে ওয়াদুদ সমাবেশ থেকে চলে যান।এ ঘটনায় শিক্ষকেরা মতলব-চাঁদপুর সড়কের ম্যাক্সিস্ট্যান্ড এলাকা অবরোধ করে রাখেন। এক ঘণ্টা পর মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন। দুপুর সাড়ে ১২টায় শিক্ষকেরা ইউএনও কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা ওয়াদুদকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা অভিযোগ করেন, শিক্ষক সমিতির ১২ শতাংশ জায়গা ওই মুক্তিযোদ্ধা প্রভাব খাটিয়ে তিনজনের নামে ইজারা নিয়েছেন। ১৯৬২ সাল থেকে এই জায়গা শিক্ষক সমিতি ভোগদখল করে আসছে।অভিযোগ অস্বীকার করে এম এ ওয়াদুদ বলেন, ‘শিক্ষকেরা আমার ওপর হামলার চেষ্টা চালালে আত্মরক্ষার্থে আমি পিস্তল বের করি।’ তিনি দাবি করেন, তিনি বৈধভাবে ওই জমি ইজারা নিয়েছেন।