বুকে ব্যথা, মেয়র মান্নান কাশিমপুর থেকে ঢাকায়
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নানকে চিকিৎসার জন্য গতকাল বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মেয়র মান্নান বুকে ব্যথা অনুভব করলে তাঁকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়। ওই কারাগার থেকে পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হবে। তাঁর হৃদ্রোগ ছাড়াও বহুমূত্র রোগ রয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, হরতাল-অবরোধ চলাকালে গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুর পুলিশ লাইনের পশ্চিমে এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পূর্ব দিকে ঢাকা-গাজীপুর সড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা করে বাস-পোড়ানো ও কয়েক যাত্রীকে দগ্ধ করার মামলায় মেয়র মান্নান ১১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে ১৮ ফেব্রুয়ারি তাঁকে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ স্থানান্তর করা হয়।