বুকের ধনকে হারিয়ে সব হারালেন বনলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতে ফিরতে ভীত বনলতা দাস
ছবি: বিবিসির সৌজন্য

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অনেক সদস্যের মতো বনলতা দাসও বিশ্বাস করতেন যে মন্দির একটি নিরাপদ ও পবিত্র স্থান।

বনলতার বাড়ি বাংলাদেশের দক্ষিণ-পূর্বের নোয়াখালী জেলায়। তাঁর ২১ বছর বয়সী ছেলে প্রান্ত চন্দ্র দাস কলেজছাত্র ছিলেন। গত সপ্তাহে নোয়াখালীর একটি মন্দির চত্বরে প্রান্তকে অবস্থান করার অনুমতি দিয়েছিলেন তাঁর মা বনলতা। এই অনুমতি দেওয়া নিয়ে তিনি তখন চিন্তিত ছিলেন না। কিন্তু অঘটন ঠিকই ঘটল।

ছেলের মৃত্যুতে হতবাক বনলতা। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘ছোট ছেলেটি ছিল আমার বুকের ধন। তার মৃত্যুতে আমার হৃদয় ভেঙে গেছে। আমি সবকিছুই হারিয়েছি।’

কুমিল্লা শহরে নানুয়া দীঘির পাড়ের অস্থায়ী মণ্ডপে পবিত্র কোরআন অবমাননা করা হয়েছে—এমন কথা ছড়িয়ে পড়ার পর বনলতার ছেলে সহিংসতার শিকার হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লায় বিভিন্ন মণ্ডপে হামলা হয়।

এরপর দ্রুতই এই সহিংসতা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মন্দির তছনছ করা হয়। হিন্দুদের শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়।

বিবিসির খবরে জানানো হয়, কয়েক দিনের সহিংসতায় দুজন হিন্দুসহ সাত ব্যক্তি নিহত হন। আহত হন অনেকে। উত্তেজিত জনতাকে নিবৃত্ত করতে পুলিশকে গুলি চালাতে হয়। ব্যবহার করতে হয় কাঁদানে গ্যাসের শেল। বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রও (আসক) জানিয়েছে, হামলা–ভাঙচুরের জেরে ১৮ জেলায় ৭ জন নিহত ও ২৭৪ জন আহত হয়েছেন।

ইসকন পরিচালিত মন্দিরে হামলার তথ্য শোনার পর বনলতা ও তাঁর পরিবারের সদস্যরা প্রান্তকে মরিয়া হয়ে খুঁজছিলেন। এক দিন পর পাশের একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়। তাঁর শরীরে আঘাতের চিহ্নিত থাকার কথা জানান তাঁর মা।

বনলতা বিবিসিকে বলেন, ‘আমরা এখন আমাদের বাড়িঘরে ফিরে যেতে ভয় পাচ্ছি। আমরা আরও হামলার আশঙ্কা করছি। ফলে এই মুহূর্তে আমি নিজেই মন্দিরে অবস্থান করছি।’

অতীতে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। সম্প্রদায়ের নেতারা বলছেন, এবার দেশের ইতিহাসে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় আকারের সহিংসতার ঘটনা ঘটেছে।

কুমিল্লা শহরের হিন্দু উৎসব কমিটির প্রধান অচিন্ত্য দাস বলেন, এটি ছিল হিন্দু সম্প্রদায়ের ওপর পূর্বপরিকল্পিত আক্রমণ।

মন্দিরে হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতার নিন্দা জানান। তিনি বলেন, অপরাধীদের অবশ্যই খুঁজে বের করা হবে।

শেখ হাসিনা আরও বলেন, তাঁরা অতীতেও অপরাধীদের খুঁজে বের করে ব্যবস্থা নিয়েছেন। ভবিষ্যতেও তা করবেন। অপরাধীদের অবশ্যই উপযুক্ত শাস্তির মুখোমুখি হতে হবে।

বনলতা দাস তাঁর ২১ বছর বয়সী ছেলে প্রান্ত চন্দ্র দাসকে হারিয়েছেন
ছবি: বিবিসির সৌজন্য

সহিংসতা শুরুর প্রায় এক সপ্তাহ পর সামাজিক মাধ্যমের আরেকটি পোস্টে হিন্দুরা ইসলামের পবিত্র স্থানের অবমাননা করছেন বলে অভিযোগ করা হয়। এর জেরে দেশের উত্তরাঞ্চলে হিন্দুদের কয়েক ডজন ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

রংপুর জেলার বীরগঞ্জের নন্দ রানি বিবিসিকে বলেন, ‘আমরা যখন শুনতে পেলাম যে জনতা আসছে, তখন আমি আমার দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে নিজেদের বাঁচাতে দৌড়ে পালাই। আমরা একটি ধানখেতের মধ্যে লুকিয়ে ছিলাম।’

নন্দ রানি বলেন, ধানখেত থেকে তাঁরা দেখতে পান, জনতা তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে। আগুনে তাঁদের ঘরবাড়ি পুরোপুরি শেষ হয়ে গেছে। তাঁরা এখন তাঁবুর নিচে বসবাস করছেন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সহিংসতার ঘটনায় কয়েক শ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, অতীতে দেশে সংঘটিত বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও ফুটেজ এখন আপলোড করে কিছু লোক অন্যদের বিভ্রান্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে।

বাংলাদেশের ইসলামি আন্দোলনের নেতারা বলছেন, তাঁরা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিরোধী।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভাইস চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান বলেন, ‘যারা মন্দিরে হামলা করছে, তাদের শাস্তি হওয়া উচিত। আমাদের সবার শান্তি ও সম্প্রীতিতে বসবাস করা উচিত।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, বাংলাদেশে কয়েক দশক ধরে পদ্ধতিগতভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়ে আসছে। বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর ও জমি দখলের একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে এবং তাঁদের দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে।

অধিকারকর্মীরা বলছেন, বাংলাদেশের সরকারগুলো ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বারবার হামলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ক্যাম্পেইনার সাদ হাম্মাদি বলেন, দায়মুক্তি ও কার্যকর প্রতিকারের অভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার তদন্তে কোনো অগ্রগতি হচ্ছে না বলে যে অভিযোগ, তা অস্বীকার করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সব ঘটনাই তদন্ত করা হচ্ছে। এসব ক্ষেত্রে একটু সময় লাগে। আমরা যতটা সম্ভব তদন্তের গতি বাড়ানোর চেষ্টা করছি।’

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে কট্টরপন্থী ইসলামি গ্রুপগুলো আরও প্রভাব বিস্তার করেছে। ২০০৮ সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ধর্মীয় অসহিষ্ণুতা ও মৌলবাদের উত্থান ঠেকাতে ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘রাজনৈতিক স্বার্থে সরকার মৌলবাদী শক্তিগুলোর সঙ্গে সমঝোতা করেছে। বিশেষ করে সংকুচিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার আড়ালে এটা ঘটেছে। ফলে মৌলবাদীরা আরও প্রাধান্য ও স্বীকৃতি পেয়েছে এবং প্রভাব তৈরি করতে পেরেছে।’