বুকের রক্ত দিয়ে মানুষ একতরফা নির্বাচন ঠেকাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন মানবে না। প্রয়োজনে তারা বুকের রক্ত দিয়ে এ সরকারের একতরফা নির্বাচন প্রতিহত করবে।’গতকাল সোমবার বিকেলে জেলার আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত করার প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।তিনি বলেন, মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত থাকবে।বিএনপির মহাসচিব বলেন, দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদেশিরা আর সাহায্য-সহযোগিতা দিচ্ছে না। তিনি বলেন, ভারত থেকে সুতা ও মুরগির ডিম আমদানি করে এ দেশের শিল্প ধ্বংস করা হচ্ছে। কৃষক ধানের দাম পাচ্ছেন না। অথচ জনগণকে ৪০ টাকা মূল্যে চাল কিনে খেতে হচ্ছে। আওয়ামী লীগের লোকজন শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, দেশে ব্যবসা-বাণিজ্য নেই, সব জায়গায় চলছে লুটপাট। বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। বেগম জিয়া ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে। জিয়া পরিবারকে ধ্বংস করতে সরকার নীল নকশা তৈরি করেছে। কিন্তু এ দেশের জনগণ জিয়া পরিবারকে রক্ষা করবে।জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, বিএনপির সাংসদ হাফিজুর রহমান, আবদুল মোমিন তালুকদার, মোস্তফা আলী প্রমুখ।