বুচি শর্মা বেঁচে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গত রোববার রাতে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আহত বুচি শর্মা বেঁচে আছেন। তিনি পাশের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।হামলার ঘটনায় বুচি শর্মা মারা গেছেন বলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন গণমাধ্যমকে নিশ্চিত করেছিল। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বখতিয়ার উদ্দিন চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী খবরটি প্রথম আলোয়ও ছাপা হয়।ইউএনও মো. শামসুল ইসলাম ও এসআই বখতিয়ার উদ্দিন চৌধুরী গতকাল সোমবার সকালে প্রথম আলোকে জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ওই রাতে বুচি শর্মা মারা গেছেন বলে জানানো হয়েছিল। কিন্তু সকালে জানা গেছে, তিনি বেঁচে আছেন।বুচি শর্মার স্বামী যতীন শর্মা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগুন লাগানোর সময় আমার স্ত্রী ও ছেলের বউ বাড়িতে ছিল। ছেলের বউ বেরিয়ে আসতে সক্ষম হলেও বুচি শর্মাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে পাশের বাড়ির জঙ্গলে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি ঘটনাস্থলে এসে বুচি শর্মাকে দেখে যান। রাত ১২টা পর্যন্ত তার জ্ঞান না ফেরায় ধরে নেওয়া হয় সে মারা গেছে। এলাকায় লোকজন ও প্রশাসনের কাছেও মারা যাওয়ার খবর দেওয়া হয়।’ যতীন এ-ও জানান, স্থানীয় পল্লিচিকিৎসক রাখাল চন্দ্র কর্মকার অন্য একটি বাড়িতে সারা রাত চিকিৎসা দিয়েও বুচির জ্ঞান ফেরাতে পারেননি। তার পরও গতকাল সকালে তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল নয়টার দিকে একবার একটু নড়াচড়া করলেও আবার জ্ঞান চলে হারান।উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেদুয়ান তারেক প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে তাঁর জ্ঞান ফিরলেও আবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। সর্বশেষ গতকাল বিকেল পাঁচটায় যোগাযোগ করা হলে হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর জ্ঞান ফিরেছে।