বুটিক হাউসেই ভিড় বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ আসছে। ভিড় বাড়ছে। বিপণিকেন্দ্র, হকার্স মার্কেট, ফুটপাত, এমনকি পাড়া ও মহল্লাভিত্তিক পোশাকের দোকানেও ভিড় লেগেছে। তবে নগরের দেশি বুটিক হাউসের বিক্রয়কেন্দ্রগুলোতে অন্যান্য বিক্রয়কেন্দ্রের তুলনায় ভিড় সবচেয়ে বেশি। বিদেশি পোশাক ও ডিজাইনের সঙ্গে পাল্লা দিয়ে তারাও একটি স্বাতন্ত্র্য এনেছে ফ্যাশনে। উৎসবপাগল ও ফ্যাশনপ্রিয় মানুষের মনে এসব প্রতিষ্ঠান যে একটি পোক্ত অবস্থান করে নিয়েছে, তা ঈদবাজারে গেলেই বোঝা যায়। নগরের ষোলশহরের আড়ংয়ে ক্রেতাদের আনাগোনা বেড়েছে প্রথম রোজার পর থেকেই। গতকাল শুক্রবার বিকেলে আড়ংয়ে গিয়ে দেখা যায় সেই আনাগোনা এখন রীতিমতো ‘গা ঠাসাঠাসি’ অবস্থায় রূপ নিয়েছে। শাড়ি, সালোয়ার-কামিজ, জুতা, গয়নার সেকশনে সব বয়সের নারীদের ভিড়। ফাঁকা নেই পুরুষদের পোশাকের দিকটাও। পাঞ্জাবি, শার্ট, জুতা ইত্যাদির পাশাপাশি গৃহসজ্জার নানা সামগ্রীর কদরও বেড়েছে।শুধু আড়ং নয়, নগরের আফমি প্লাজার দেশী দশেও ক্রেতাদের সমাগম ছিল লক্ষণীয়। দেশাল, সাদাকালো, নাগরদোলা, বিবিয়ানা, কে-ক্র্যাফট, রঙ, বাংলার মেলা, প্রবর্তনা, নিপুণ, অঞ্জন’স নামের ১০টি বুটিক প্রতিষ্ঠানের পণ্য সমাহার একই ছাদের নিচে। দেশালের বিক্রয়কর্মী মোতাহের আলম বলেন, ঈদ উপলক্ষে এখানকার বুটিক হাউসগুলো নিজস্ব ডিজাইনের সম্ভার ঘটিয়েছে। চারু চট্টগ্রামের ডিজাইনার শিমুল খালেদ বললেন, ‘ডিজাইনাররা বিদেশি পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে একটি নিজস্বতা তৈরি করতে পেরেছেন। দেশি ডিজাইনের পোশাকের কদর এখন অনেক বেড়েছে।’ সরেজমিনে দেখা গেছে, প্রবর্তক মোড়ের মিয়াবিবি, আফমি প্লাজার বাঙালি বাবু, নিউ মার্কেটের শৈল্পিক, ক্র্যাফট ক্যাসেল, হ্যান্ডি বাজার, রেভলন, ক্যাটস্ আই, ইত্যাদি প্রদর্শনী কেন্দ্র গিজ গিজ করছে সব বয়সের মানুষে। জানা গেছে, চট্টগ্রামে প্রায় ১০০টি বুটিক প্রতিষ্ঠান রয়েছে। নগরের গুরুত্বপূর্ণ স্থান ও বিপণিকেন্দ্রে এসব প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র রয়েছে। এ ছাড়া অন্যদের বিক্রয়কেন্দ্রে অনেকে ডিজাইন অনুযায়ী সরবরাহও করে থাকেন।তবে বিপণিকেন্দ্রের অন্য দোকানগুলোতেও মানুষের ভিড়ের অন্ত নেই। রিয়াজউদ্দিন বাজার, মিমি সুপার মার্কেট, হকার্স মার্কেট, লাকি প্লাজা, সানমার ওশান সিটি, চিটাগং শপিং কমপ্লেক্স, আমীন সেন্টার, বে শপিং সেন্টারসহ বিভিন্ন বিপণিকেন্দ্রে বিভিন্ন শ্রেণীর মানুষ কেনাকাটায় ব্যস্ত। বাদ যাচ্ছে না নিম্নবিত্ত শ্রেণীর লোকজনও। তাদের ভিড়টা ফুটপাতকেন্দ্রিক হকারদের কাছে বেশি।