বুটিকপাড়ায় দেশীয় পোশাকের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ এলেই বিক্রি বেড়ে যায় মিরপুরের বুটিকের দোকানগুলোতে। বৈচিত্র্যের কারণে অনেক ক্রেতার আগ্রহের কে​েন্দ্র থাকে বুটিকের পোশাক। গতকাল বিকেলে মিরপুর ২ নম্বর এলাকার একটি বিপণিবিতান থেকে ছবিটি তোলা l প্রথম আলো
ঈদ এলেই বিক্রি বেড়ে যায় মিরপুরের বুটিকের দোকানগুলোতে। বৈচিত্র্যের কারণে অনেক ক্রেতার আগ্রহের কে​েন্দ্র থাকে বুটিকের পোশাক। গতকাল বিকেলে মিরপুর ২ নম্বর এলাকার একটি বিপণিবিতান থেকে ছবিটি তোলা l প্রথম আলো

মিরপুর-২ নম্বর থেকে ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কের এক পাশজুড়ে সারি সারি বুটিকের দোকান। নামীদামি সব ব্র্যান্ডের পাশাপাশি নিজস্ব উদ্যোক্তাদের ছোট বুটিক হাউসও রয়েছে এ বুটিকপাড়ায়। ঈদ উপলক্ষে দোকানগুলো দেশীয় ডিজাইনকে গুরুত্ব দিয়ে তাদের পসরা সাজিয়েছে।

মিরপুরের বাসিন্দারা কয়েক বছর আগেও ঈদের কেনাকাটা করতে ধানমন্ডি-নিউমার্কেট চলে যেতেন। এখন মিরপুরেই সব ব্র্যান্ডের দোকান, দেশীয় বুটিক হাউস গড়ে উঠেছে, আর দামও হাতের নাগালে। এর সঙ্গে রোজার যানজটের কথা চিন্তা করে ক্রেতাদের অনেকেই এখন আর এলাকার বাইরে যেতে চান না।
এসব বুটিকের দোকানের ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল হলো ‘দেশীয় ঐতিহ্য’। লতা, পাতা, ফুল, কলকা দিয়ে ডিজাইন করা পোশাক দিয়ে সাজানো হয়েছে দোকান। গতকাল শুক্রবার ঘুরে দেখা যায়, বেশ জমে উঠেছে ঈদের কেনাকাটা।
বুটিক হাউস পালকির বিক্রয় ব্যবস্থাপক বদরুল আলম বলেন, রোজার শুরু থকে টুকটাক বিক্রি হয়েছে। গতকাল থেকে ক্রেতাদের ভিড় বেড়েছে। ঈদের মূল কেনাবেচাও শুরু হয়েছে। মেয়েদের কাছে ফ্লোর টাচ গাউন ও লম্বা গাউনের চাহিদা বেশি। এর পাশাপাশি এবার লম্বা কামিজও কিনছেন অনেকে। এগুলোর দাম ২ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে। অঞ্জন’স, কে ক্র্যাফট, নিপুণ, প্রবর্তনা, আবর্তন, চন্দ্রবিন্দু, নবরূপা, রিচম্যান, লুবনান, কয়েন, রঙজয়ীর মতো দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তাদের রয়েছে উজ্জ্বল রং ও ডিজাইনের সালোয়ার-কামিজ আর শাড়ির সম্ভার। নগরীর বিভিন্ন বিপণিবিতানে ভারতীয় পোশাকের ছড়াছড়ি। কিন্তু মিরপুর বুটিকপাড়ার দোকানগুলোতে বিক্রি হওয়া পোশাকগুলো দেশীয় প্রতিষ্ঠানের।
মিরপুর-১ নম্বর থেকে কেনাকাটা করতে আসা লামিয়া জান্নাত জানালেন, সীমিত বাজেটের মধ্যে পছন্দসই ডিজাইন পান বলেই মিরপুরের বুটিকের দোকানগুলোতে কেনাকাটা করতে আসেন। ঘরের কাছেই বড় বুটিকপাড়া গড়ে ওঠায় এখন আর ধানমন্ডি-নিউমার্কেট যান না। দেশীয় পোশাক কিনবেন বলেই এখানে এসেছেন।
মিরপুরের বুটিক হাউসগুলোর পুরুষদের পোশাকের অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের পাঞ্জাবি। এসব দোকানে পাওয়া যাচ্ছে খাটো ও লম্বা ঝুলের পাঞ্জাবি। মান অনুযায়ী পাঞ্জাবির দামেও আছে হেরফের। সর্বনিম্ন ৮০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবির দাম রাখা হয়েছে। ক্রেতাদের উপস্থিতিও যথেষ্ট। কয়েক বছর ধরে জেন্টেল পার্কের পাঞ্জাবি বেশ সুনাম কুড়িয়েছে। এর হিসাবরক্ষক মো. শাহনেওয়াজ জানালেন, বরাবরের মতোই পাঞ্জাবিতে রঙের ব্যবহারে বৈচিত্র্য রয়েছে। গরমের কারণে সুতি কাপড়ের ব্যবহার করা হয়েছে বেশি। তরুণদের কাছে স্লিম ফিটের পাঞ্জাবির কদরই বেশি। হালকা নকশা কিংবা নকশা ছাড়া শুধু ডিজাইনকে গুরুত্ব দিয়ে তৈরি একরঙা পাঞ্জাবি কিনছেন অনেকে।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঞ্জাবি কিনতে তারা উৎসবের পাশাপাশি গরমের বিষয়টিও মাথায় রাখছেন। দোকানে ঘুরে পাঞ্জাবি দেখছিলেন দুই বন্ধু। তাঁরা জানালেন, লম্বা ঝুলের পাঞ্জাবি খুঁজছেন। রং, নকশা আর ডিজাইন এই তিনটি বিষয় পছন্দ হলেই পাঞ্জাবি কিনবেন।
এসব বুটিকের দোকানে নারী-পুরুষ ও শিশুদের পোশাক ছাড়াও ঘর সাজানোর সামগ্রী, বিছানার চাদর, বালিশের কভার, পর্দাসহ আরও অনেক কিছু পাওয়া যায়। পোশাক কেনা শেষ হলেই নারী ক্রেতারা মিলিয়ে গয়না, স্যান্ডেল, ব্যাগ, রূপচর্চার সামগ্রী কিনতে ছোটেন। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এসব সামগ্রীও তুলেছে দোকানগুলো।