আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পুলিশের বুটের তলায় একজন মানুষের ছবিতে আওয়ামী লীগ সরকারের সব সাফল্য ম্লান হয়ে যেতে পারে না। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, ‘যে পুলিশ এই কাণ্ড ঘটিয়েছেন, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের এই লোকটি বিএনপির লোক কি না বা আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি এই কাজ করেছেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’সড়ক দুর্ঘটনার জন্য সরকার বা মন্ত্রী দায়ী নন মন্তব্য করে হানিফ বলেন, এ দেশে হরহামেশাই সড়ক দুর্ঘটনা ঘটে। এর জন্য অদক্ষ চালকেরা দায়ী। মিশুক মুনীর ও তারেক মাসুদ যে স্থানে দুর্ঘটনায় নিহত হন, সেখানে রাস্তা খারাপ ছিল না। আবার দেখা যায়, যেখানে রাস্তা খারাপ, সেখানে এ-জাতীয় দুর্ঘটনা ঘটছে না।অনুষ্ঠানের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংসদ তারানা হালিম মন্ত্রীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা সরকারি প্রটোকল নেওয়া থেকে বিরত থাকুন। প্রটোকল ছাড়া চলাফেরা করলে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে, মানুষের অভাব-অভিযোগ এবং দেশের সমস্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে।’ তবে নিরাপত্তার খাতিরে প্রধানমন্ত্রীর জন্য প্রটোকলের প্রয়োজন আছে বলে তিনি মত দেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, ফরিদ আলী প্রমুখ।