বুড়িগঙ্গা আজ দুর্গন্ধ ছড়াচ্ছে
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বুড়িগঙ্গা আজ দুর্গন্ধ ছড়াচ্ছে।
আজ রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ নোটিশটি দেন সাংসদ নজরুল ইসলাম বাবু।
তবে মন্ত্রী যুক্তরাজ্য এবং কোরিয়ার বিভিন্ন নদী দূষণমুক্ত করার প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, সেসব দেশে নদী দূষণমুক্ত করতে ৮০ বছরের বেশি সময় লাগলেও বাংলাদেশের বুড়িগঙ্গাসহ অন্য নদীগুলোকে আগামী ২০ বছরের মধ্যে দূষণমুক্ত করা সম্ভব।
নোটিশে নজরুল ইসলাম বাবু বলেন, বিশ্বব্যাংক এর মধ্যেই বুড়িগঙ্গা নদীকে ‘মৃত নদী’ হিসেবে ঘোষণা দিয়েছে। ঢাকা ঘিরে থাকা চার নদী—শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গার ১১০ কিলোমিটার এলাকাজুড়ে এখন শুধুই দুর্বিষহ দূষণ যেন পানির চেয়ে শিল্পবর্জ্যই বেশি। মাত্রাতিরিক্ত দূষণে সদরঘাটে বুড়িগঙ্গার পানি কুচকুচে কালো, হাজারীবাগে রক্তের মতো লাল, তুরাগের পানি কোথাও কালো, কোথাও গাঢ় নীল।
এসব প্রশ্নের উত্তরে মন্ত্রী শাজাহান খান বলেন, বর্তমানে নদী দূষণমুক্ত করার প্রক্রিয়ার চেয়ে নদীদূষণ প্রক্রিয়া দ্রুত হচ্ছে। দুর্ভাগ্য, মানুষ সব নদী দূষিত করে ফেলছে। শুধু রাজধানী নয়, চট্টগ্রামসহ সব জায়গার নদীগুলোর একই অবস্থা। নদী দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি পরিকল্পনা করছে। দূষণ প্রতিরোধ কীভাবে হবে, তা নিয়ে আরেকটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রতিবেদন দিলে সে অনুযায়ী কাজ শুরু করা হবে। এ ছাড়া উজান থেকে পানি আনার ব্যবস্থা করা হচ্ছে।
সাংসদ আলী আজমের আরেক নোটিশের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে গত বছর নৌপরিবহন দুর্ঘটনার হার শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।