বুড়িগঙ্গা ইকোপার্কের ইজারা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা ইকোপার্ক: ইজারা দেওয়ায় এই সবুজ আর থাকবে না
বুড়িগঙ্গা ইকোপার্ক: ইজারা দেওয়ায় এই সবুজ আর থাকবে না

রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরের বুড়িগঙ্গা ইকোপার্ক বাণিজ্যিক প্রতিষ্ঠানকে দেওয়া ইজারা বহাল থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল শুক্রবার সকালে ইকোপার্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তবে সভায় মন্ত্রীর এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত ‘বুড়িগঙ্গা ইকোপার্ক হেলথ সোসাইটি’। সংগঠনটির দাবি, শহরের কোলাহল ছেড়ে এই এলাকার সব শ্রেণির মানুষের নিশ্বাস নেওয়ার একমাত্র স্থান ছিল বুড়িগঙ্গা ইকোপার্ক। সবুজ বৃক্ষরাজি আর বুড়িগঙ্গা নদী মিলে পার্কটির পরিবেশ নয়নাভিরাম। অবিলম্বে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে দেওয়া ইজারা বাতিল করতে হবে।
শাজাহান খান বলেন, পার্কটি আধুনিকায়ন করতেই ইজারা দেওয়া হয়েছে। ভালো সেবা পেতে চাইলে টাকা দিতে হবে। নতুন বিভিন্ন রাইডে চড়ে সব বয়সের মানুষ বিনোদন করতে পারবে। তিনি বলেন, স্থানীয় মানুষের হাঁটার জন্য সকালে পার্কে প্রবেশে কোনো টাকা লাগবে না। কিন্তু দুইটার পর সবাইকে টিকিট কাটতে হবে।
সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, গত ডিসেম্বরে বার্ষিক ২৭ লাখ টাকায় মেসার্স নেপচুন ইন্টারন্যাশনাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বুড়িগঙ্গা ইকোপার্ক ইজারা দেওয়া হয়েছে। পার্কে স্থাপন করা সব রাইড হবে বিদ্যুৎ-চালিত।
বুড়িগঙ্গা ইকোপার্ক হেলথ সোসাইটিকে সমর্থন জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য হানিফ শহিদ। সভা শেষে তিনি প্রথম আলোকে বলেন, পরিবেশ আইন অনুযায়ী এই পার্ক ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। এই এলাকার জনগণ মন্ত্রীর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইকোপার্কে পার্কে প্রবেশ টিকিট ছিল পাঁচ টাকা। ইজারা দেওয়ায় এখন টিকিটের দাম হবে ৩০ থেকে ৫০ টাকা। এতে করে মধ্য ও নিম্ন আয়ের লোকেরাসহ ডায়াবেটিসের রোগীরা পার্কটি আসতে পারবেন না। এ ছাড়া পার্কের নৈসর্গিক পরিবেশও নষ্ট হবে। পার্কটি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, নদী দখল ঠেকাতে এবং পরিবেশের উন্নয়নে ২০১২ সালের অক্টোবরে ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে প্রায় সাত একর জায়গায় ইকোপার্কটি নির্মাণ করেছিল বিআইডব্লিউটিএ। পার্কটি সপ্তাহে সাত দিনই সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা। এখন দিনে গড়ে ২০০ থেকে ২৫০ জন দর্শনার্থী এখানে আসেন। ছুটির দিনে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে।