বুড়িগঙ্গা তীরের ১৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা মৌজা এলাকার ১৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

গতকাল ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসূলুল কাদেরের নেতৃত্বে কালীগঞ্জ তেলঘাট থেকে জিঞ্জিরা ঘাট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে অংশ নেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান, ঢাকা নদীবন্দরের পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ এবং পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সমন্বিত দল।

বিআইডব্লিউটিএ জানায়, জিঞ্জিরা মৌজা এলাকায় বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ২২৫টি স্থাপনার তালিকা তৈরি করে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। ওই তালিকা অনুযায়ী গত বুধবার অভিযানের প্রথম দিনে ১১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তালিকাভুক্ত ১১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় গতকাল। সেই সঙ্গে অবৈধ আরও ২৫টি ছোট-বড় পাকা স্থাপনা ও টংঘর উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ দল গতকাল বেলা ১১টা থেকে অভিযান শুরু করে। দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট, পূর্ব আগানগর আলম মার্কেট ঘাট, আগানগর ব্রিজ ঘাট, জিঞ্জিরা তাওয়াপট্টি, জিঞ্জিরা টিনপট্টি ও গুদারাঘাট এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এর মধ্যে আগানগর বাঁশপট্টি এলাকায় আল-আমিন ডাইং কারখানার আধাপাকা বর্ধিত অংশ, জিঞ্জিরা তাওয়াপট্টি এলাকায় মেজবা মিয়ার চতুর্থ তলা ভবনের একতলা বর্ধিত অংশসহ ১২টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসূলুল কাদের প্রথম আলোকে বলেন, নদীর সীমানা পিলারের অভ্যন্তরে যেসব অবৈধ স্থাপনা থাকবে, তার সব উচ্ছেদ করা হবে।