বুড়িগঙ্গা তীরের ৫৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ৫৩টি অবৈধ স্থাপনা আজ মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে। ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ, চর মিরেরবাগ, চর খেজুরবাগ ও পূর্ব আগানগর এলাকা থেকে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে আছে ডক ইয়ার্ডের পাকা সীমানাপ্রাচীর, ছোট-বড় ছাপড়া, টিনশেড ও টংঘর।

অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব উর রহমান বলেন, হাইকোর্টের নির্দেশ মোতাবেক বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযানে আজ ৫৩টিসহ দুই দিনে ৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো অবস্থাতেই নদী তীরে অবৈধ স্থাপনা গড়তে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, আগে থেকে তৈরি করে রাখা তালিকা অনুযায়ী উচ্ছেদ অভিযান চলছে।

উচ্ছেদ অভিযানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের অর্ধশতাধিক সদস্য ও শ্রমিক অংশ নেন।