বুড়িগঙ্গা নদীর দখলমুক্ত দেড় একর জায়গায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্মাণাধীন বিনোদনকেন্দ্র অপসারণে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিআইডব্লিউটিএর করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গতকাল সোমবার খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।
পরে রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, আপিল বিভাগের এ আদেশের ফলে ৩০ দিনের মধ্যে বুড়িগঙ্গা নদী থেকে বিআইডব্লিউটিএর বিনোদনকেন্দ্রের স্থাপনা অপসারণ করতে হবে।
২০১০ সালের ৭ মে প্রথম আলোতে ‘বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদনকেন্দ্র!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, কামরাঙ্গীরচরের টাওয়ার মোড় এলাকায় নদীর দুই তীরের মধ্যবর্তী জায়গায় প্রায় ১৫০টি ঘর তৈরি করে ভাড়া
দেওয়া হয়েছিল। নদী বাঁচানোর জন্য ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওই ঘরগুলো উচ্ছেদ করে। কিন্তু ওই জায়গায় দোতলা একটি বিনোদনকেন্দ্র নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছে বিআইডব্লিউটিএ।
প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ওই বছরের ১৭ মে হাইকোর্টে একটি রিট আবেদন করে। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বুড়িগঙ্গায় নির্মাণাধীন বিনোদনকেন্দ্রের সব স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। একই সঙ্গে বিনোদনকেন্দ্র নির্মাণ প্রকল্পের কার্যক্রমে স্থিতাবস্থা দেওয়া হয়। রুল শুনানি শেষে ২০১০ সালের ২০ জুলাই হাইকোর্ট বিনোদনকেন্দ্রের স্থাপনা ৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন।
পরে ওই রায় স্থগিতের জন্য বিআইডব্লিউটিএ চেম্বার আদালতে যায়। চেম্বার আদালত স্থিতাবস্থা বজায় রেখে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। পরে বিআইডব্লিউটিএ লিভ টু আপিল করে, গতকাল তা খারিজ হয়ে যায়।