বুড়িগঙ্গা দখলমুক্ত না করে পুনঃখনন প্রকল্প প্রশ্নবিদ্ধ
বারবার বুড়িগঙ্গা নদী দখলের চিত্র জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। কিন্তু বড় দখলদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নদী দখলমুক্ত না করে এখন পুনঃখনন প্রকল্প নেওয়া হয়েছে। এতে নদী কতটা রক্ষা হবে আর কতটা দুর্নীতি হবে, তা প্রশ্নবিদ্ধ।
গতকাল শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বুড়িগঙ্গায় চলমান দখল ও পুনঃখননের সরকারি প্রকল্প’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারকিপারের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাপা ও বুড়িগঙ্গা রিভারকিপারের যুগ্ম সম্পাদক শরীফ জামিল ভরাট-দখলে বিপর্যস্ত বুড়িগঙ্গার সার্বিক চিত্র ও নদী রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা ও উদাসীনতার পাশাপাশি সম্প্রতি সরকারের ধলেশ্বরী, পুংলী, বংশাই, তুরাগ, বুড়িগঙ্গা নদী পুনঃখনন প্রকল্পের উদ্দেশ্য ও সম্ভাব্য ফলাফল তুলে ধরেন।
শরীফ জামিল বলেন, ‘আগে দখল ও পরে পুনঃখননের মাধ্যমে নদী পুনরুদ্ধার, না নদীকে খাল বানিয়ে দখলদারদের বৈধতা প্রদান করা হবে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। বুড়িগঙ্গা নদীর ভুল সীমানা খুঁটি সংশোধন না করে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হচ্ছে। ফলে ঢাকার চারপাশে বহু জায়গায় নদী স্থায়ীভাবে তার সীমানা হারানোর পাশাপাশি সংশ্লিষ্ট দখলদারেরা দৃশ্যত বৈধতা পেয়েছে। দখল-উচ্ছেদ ও পুনরুদ্ধারের নামে হঠাৎ করে চলে প্রহসন। এতে বেশির ভাগ ক্ষেত্রে সাধারণ অসচেতন দুর্বল মানুষদের ব্যাপক হয়রানি করা হয়। কিন্তু বড় দখলদারেরা পাশে থাকলেও তাদের কিছু হয় না। এ ছাড়া অধিকাংশ উচ্ছেদ অভিযানে থাকে না কোনো সমন্বিত পরিকল্পনা ও প্রস্তুতি।’
বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিরা নদী দখলের সঙ্গে জড়িত। এখন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো নদীর পাড়ে স্থাপনা গড়ে তুলছে। কিন্তু বুড়িগঙ্গা ধ্বংস হয়ে গেলে এই ঢাকাকে রক্ষা করা যাবে না। বুড়িগঙ্গা ও আশপাশের উপনদীগুলো রক্ষার জন্য ‘বুড়িগঙ্গা উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা প্রয়োজন। তাদের কাজ হবে নিয়মিত পর্যবেক্ষণ, নদীর কতটা দখল হলো, আর কতটা দখলমুক্ত হলো—এ বিষয়ে মাসিক প্রতিবেদন পেশ করা। এ ছাড়া বুড়িগঙ্গার প্রকৃত অবস্থা জানার জন্য মন্ত্রিপরিষদের একটি সভা নদীতে নৌকার মধ্যে আয়োজনের আহ্বান জানান তিনি।