বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে রিকশা, ভ্যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে যানজট নিরসনে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় ঢাকা জেলা পুলিশ ও ডিএমপি পুলিশের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে সকাল নয়টা থেকেই সেতুতে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন সেতুর উত্তর প্রান্ত নয়াবাজার ও দক্ষিণ প্রান্ত কেরানীগঞ্জে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
একপর্যায়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পরিদর্শনে এসে সমস্যা সমাধানের জন্য ডিএমপি ও ঢাকা জেলা পুলিশ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
দুপুর ১২টার পর কেরানীগঞ্জ মডেল থানায় ঢাকা জেলা পুলিশ, ডিএমপি ও গাড়িচালকদের নিয়ে একটি সভা হয়। ওই সভায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় ডিএমপি লালবাগ জোনের ডিসি মফিজ উদ্দিন আহমেদ, ডিসি (ট্রাফিক) খান মো. রেজওয়ান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজাদ খান, ডিএমপি কোতোয়ালি জোনের এসি (ট্রাফিক) কানিজ ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিএমপি লালবাগ জোনের ডিসি (ট্রাফিক) খান মো. রেজওয়ান জানান, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে যানজট নিরসনে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে একসঙ্গে পাঁচটি করে অটোরিকশা চলতে পারবে। কিন্তু সেতুর ওপর অটোরিকশা দাঁড় করিয়ে রাখা যাবে না।
রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ এসব যানসংশ্লিষ্ট শ্রমিকেরা। ভ্যানচালক মো. রনি বলেন, ‘গাড়ি নিয়ে বের হয়েছি। কিন্তু পুলিশ আমাদের তাড়িয়ে দিচ্ছে। এখন আমরা কী করব?’