বুড়িগঙ্গা নদীর অস্তিত্ব হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর আদি উৎসমুখ (ধলেশ্বরী থেকে বছিলা পর্যন্ত) কোনো না কোনোভাবে দখল ও ভরাট-প্রক্রিয়া চলমান আছে। এতে বুড়িগঙ্গার দ্বিতীয় চ্যানেল মৃত্যুমুখে পড়েছে। নদীটির অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক শরীফ জামিল। ‘বেপরোয়া দখল-ভরাটে নিশ্চিহ্ন বুড়িগঙ্গার উৎসমুখ’ শিরোনামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাপা ও বুড়িগঙ্গা রিভারকিপার।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে বুড়িগঙ্গা নদীর দ্বিতীয় শাখা দখল ও ভরাটের চিত্র তুলে ধরে শরীফ জামিল বলেন, বুড়িগঙ্গার চুনারচর, ভাড়ালিয়াপাড়া, মুগড়াকান্দা, উত্তর বাহেরচর, টোটালিয়াপাড়া, চরওয়াসপুর এলাকায় বড় আকারে ব্যাপকভাবে দখল হচ্ছে। স্থানীয় সূত্রমতে, বর্ষাকালে এই নদীর পানি প্রবহমান থাকে। তবে বছিলায় সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড ও কিছু হাউজিং কোম্পানির দখলের কারণে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে ধলেশ্বরী থেকে আসা আদি বুড়িগঙ্গার মিলনমুখ। কিন্তু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানকে প্রধান করে ‘দ্বিতীয় চ্যানেল পুনরুদ্ধারে’ গঠিত কমিটিকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। শরীফ জামিল বলেন, বুড়িগঙ্গা নদীর অস্তিত্ব রক্ষায় উৎসমুখ ও দ্বিতীয় চ্যানেলসহ পুরো নদী ভরাট ও নির্মাণকাজ বন্ধ করতে হবে। এ ছাড়া অবিলম্বে যথাযথভাবে সীমানা চিহ্নিত করে নদীটিকে বাঁচাতে হবে।

বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, ‘বুড়িগঙ্গা নদী রক্ষায় ১৫ বছরের বেশি সময় ধরে আন্দোলন করে যাচ্ছি। সরকার বিভিন্ন সময় বুড়িগঙ্গা রক্ষায় প্রতিশ্রুতি ও পদক্ষেপ গ্রহণ করলেও মাঝপথেই তা থেমে গেছে। কার্যকর সুফল আমরা পাইনি। ফলে প্রাণপ্রিয় বুড়িগঙ্গা আজ মৃত্যুর মুখে। কিন্তু ঢাকার জনগণকে বাঁচানোর স্বার্থে বুড়িগঙ্গাকে রক্ষা করা খুবই জরুরি। তাই বুড়িগঙ্গা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বাপার বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস বলেন, পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুড়িগঙ্গাকে রক্ষা করে তিনিই একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।