বুড়িগঙ্গা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ৫০০ গজ অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই এলাকার বসতবাড়ি ও কারখানা হুমকির মুখে পড়েছে।
গতকাল শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মিরেরবাগ এলাকায় গিয়ে দেখা গেছে, ওরিয়েন্ট টেক্সটাইল মিল, ঢাকা জুট মিলস ও ইস্টল্যান্ড কোল্ডস্টোরেজের সামনের অংশে নদীর তীর রক্ষা বাঁধের স্ল্যাবগুলো ধসে পড়েছে। ফলে এসব এলাকার জায়গাজমি নদীতে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া ইস্টল্যান্ড কোল্ডস্টোরেজের পাশে বুড়িগঙ্গা বাঁধে ফাটল ধরে গর্তের সৃষ্টি হয়েছে।
ওরিয়েন্ট টেক্সটাইল মিলের কর্মচারী মো. ইউসুফ আলী বলেন, বছর খানেক আগে থেকেই নদীর তীর রক্ষা স্ল্যাবগুলো দেবে যেতে থাকে।
মিরেরবাগ এলাকার বাসিন্দা আবদুল মালেক বলেন, নদীর পাড় ভাঙনের কারণে ১৫-২০ কেজি ওজনের স্ল্যাবগুলো ধসে নদীতে পড়েছে। এতে এলাকায় জায়গাজমি হুমকির মুখে রয়েছে। বর্ষার আগে এর সংস্কার না হলে এলাকার অনেক বসতবাড়ি ও কারখানা নদীভাঙনের মুখে পড়বে।
ইস্টল্যান্ড কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক কাজল দাস বলেন, কয়েক দিনের মধ্যেই সংস্কারের উদ্যোগ না নিলে ২০০৩ সালে নির্মাণ করা এই বাঁধ পুরোটাই ধসে পড়তে পারে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান জানান, এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।