বুড়িগঙ্গা পুনরুদ্ধারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও দূষণমুক্ত করার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার নিজ কার্যালয়ে বুড়িগঙ্গাসহ রাজধানীর চারদিকে প্রবহমান নদ-নদী পুনরুদ্ধার এবং রাজধানীকে ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথ চালুসংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের প্রকল্প এবং আমাদের এটা বাস্তবায়ন করতে হবে।’ তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পরিবেশে রাতারাতি পরিবর্তন আসবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নৌপরিবহন মন্ত্রণালয় বৃত্তাকার নদীপথ চালু করবে এবং তা টঙ্গী, আশুলিয়া, আমিনবাজার, সদরঘাট, ফতুল্লা, কাঁচপুরকে সংযুক্ত করবে।
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইস্টার্ন বাইপাসসহ ঢাকা মহানগর ঘিরে চার লেনবিশিষ্ট সার্কুলার সড়ক নির্মাণ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সার্কুলার সড়ক নির্মাণের বিষয়টি সমন্বয় করবে।
অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।