বুড়িগঙ্গাতীরের অবৈধ গ্যারেজ এখনো বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগের ইসলামপুর এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ রিকশা গ্যারেজ এখন পর্যন্ত বহাল রয়েছে। নদীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
গতকাল মঙ্গলবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পাড়ের অবৈধ এই গ্যারেজে পাঁচ শতাধিক রিকশা ও ভ্যান রয়েছে। এগুলোর মধ্যে কিছু রিকশা রয়েছে, যেগুলো ব্যাটারিচালিত।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইসলামপুরে মদিনা পেট্রলপাম্পের অদূরে বুড়িগঙ্গা নদীর তীরের পাঁচ বিঘা জায়গায় গত বছরের শুরুর দিকে গড়ে ওঠে রিকশার বিশাল এই গ্যারেজ। গ্যারেজের কারণে বন্যা প্রতিরোধ দেয়ালও (ফ্লাড ওয়াল) কোথাও কোথাও ভেঙে ফেলা হয়েছে। রিকশার অন্তত পাঁচজন চালকের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, রিকশা রাখার সুবিধা বলে এখানে তাঁরা রিকশা রাখেন। গ্যারেজের সামনে বিশালাকৃতির বৈদ্যুতিক টাওয়ার। টাওয়ারের সামনে নদীর তীরে খুঁটিতে আগে সাইনবোর্ড টাঙিয়ে জমির মালিকানার কথা লেখা ছিল। গতকাল তা দেখা গেল না।
গ্যারেজে ব্যাটারিচালিত রিকশায় সরাসরি বিদ্যুৎলাইন থেকে বিকল্প (বাইপাস) সংযোগ নিয়ে চার্জ দেওয়া হয়। রাতের বেলায় ব্যাটারিতে চার্জ দেওয়া হয় বলে আশপাশের দোকানিরা জানান। তাঁরা বলেন, বিদ্যুৎ অফিসের (ডিপিডিসি) লোকদের সাহায্যে এখানে অবৈধ লাইন টানা হয়েছে।
নদীর জায়গায় রিকশা গ্যারেজ এবং অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী কয়েক দিন আগে বলেন, অতীতে স্বল্প পরিসরে নদীর জায়গায় রিকশা গ্যারেজ করা হয়েছিল। উচ্ছেদও করা হয়েছিল। গ্যারেজ সরিয়ে নেওয়ার জন্য আবার নোটিশ করা হয়েছে।
বুড়িগঙ্গাসহ শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদের অংশে ও তীরে কোনো রকম স্থাপনা বা ব্যবসাকেন্দ্র নির্মাণ করা যাবে না—হাইকোর্টের এমন একটি নির্দেশনা রয়েছে। এসব নদনদীর জায়গা অবৈধ দখলমুক্ত করার বিষয়ে হাইকোর্টের প্রথম নির্দেশ আসে ২০০৯ সালের মে মাসে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। মামলাটির আদেশের মূল কথা ছিল ব্রিটিশ আমলের ক্যাডেস্ট্রাল সার্ভে (সিএস) অনুসারে আইনানুগ বন্দোবস্ত ছাড়া কোনো দখলদার থাকলে তাঁকে অবিলম্বে উচ্ছেদ করতে হবে। এর মাধ্যমে আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদেরও নির্দেশ দেন। প্রথম দফায় ২০১০ সালের নভেম্বর পর্যন্ত উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। পরে আরও পাঁচ দফায় এই নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা সংশ্লিষ্ট রিভারকিপার শরীফ জামিল বলেন, বুড়িগঙ্গা নদীর এলাকা ঘুরলে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ দখল আর দূষণের চিত্র দেখা যাবে। হাইকোর্টের নির্দেশ কীভাবে অমান্য হচ্ছে, তা এসব স্থান ঘুরলেই বোঝা যায়। এ বিষয়ে নিয়মিত প্রতিবাদ জানালেও নদনদী রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষগুলো নীরব থাকে।