বুড়িগঙ্গাতীরের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িগঙ্গাতীরের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট এলাকা থেকে আগানগর ব্রিজঘাট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদের সময় কিছু লোক বাধা দেওয়ার চেষ্টা চালায়।
গতকাল বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায়।
ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট এলাকায় বেশ কয়েকটি ছোট বড় টিনশেডের টংঘর ও বাঁশের ছাপরা ঘর উচ্ছেদের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়। এরপর তেলঘাট এলাকা থেকে আগানগর ব্রিজঘাট পর্যন্ত দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
দুপুরের দিকে আগানগর কেচি শাহ ডক ঘাট এলাকায় উচ্ছেদকারীদের এলাকার লোকজন একাধিকবার বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা তাদেরকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজে বাধা দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান।
ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক শাহিদ উল্লাহসহ অর্ধশত শ্রমিক, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
শহিদ উল্লাহ সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকার চার নদীর তীরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চলছে। এরই অংশ হিসেবে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।